ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইএফআইসি ব্যাংকের পরিচালক লুৎফর রহমান বাদলকে বিদেশ যেতে বাধা না দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশ আগামী ৩ মার্চ পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত।
চেম্বার বিচারপতি এস কে সিনহা সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে শুনানির জন্য বিষয়টি পূর্নাঙ্গ বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়া বাদলের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা শুনানির আগামী তারিখে আদালতকে জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৬ ফেব্র"য়ারি নেপাল যেতে চাইলে বিমানবন্দরে পুলিশ বাদলকে বাধা দেয়। পরে তিনি আদালতে একটি রিট আবেদন করেন।
এই পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও গোবিন্দ চন্দ্র ঠাকুর গত রোববার এক আদেশে বলেন, বাদলকে বিদেশ যেতে বাধা দেওয়া চলবে না।
সোমবার সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বাদলের পক্ষে শেখ ফজলে নূর তাপস শুনানিতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/জেকে/১৭৩১ ঘ.
bdnews24