শরীয়তপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়াবাজির শিকার হেনা আক্তার 'হত্যা' মামলায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ সদস্য ইদ্রিস শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন নিজেদের হেফাজতে পেলো পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মনিরুজ্জামানের সাত দিনের আবেদনে শনিবার শরীয়তপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম অশোক কুমার দত্ত শুনানি শেষে পাঁচদিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।
বৃহস্পতিবার হাইকোর্টে উপস্থিত হওয়ার পর আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয় অন্যতম সালিশকারী স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস শেখকে।
ইদ্রিসকে শুক্রবার দুপুরে নড়িয়া থানায় আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজত চায় সিআইডি।
এদিকে হেনা 'হত্যার' ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় নড়িয়া থানায় আরো একটি মামলা করেন হেনার মা আকলিমা আক্তার।
অবৈধ সালিশ ও দোররা মারার অভিযোগে করা ওই মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। হেনা 'হত্যা' মামলার আসামিদেরই এই মামলায় আসামি করা হয়েছে।
গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিশ বসিয়ে ফতোয়ার মাধ্যমে দোররা মারার পর হেনা আক্তার (১৪) গত ৩১ জানুয়ারি মারা যায়।
হেনার মৃত্যুর পর তার বাবা দরবেশ খাঁ থানায় একটি হত্যা মামলা করেন, যাতে ১৮ জনকে আসামি করা হয়।
হেনার সঙ্গে চাচাত ভাই মাহবুব হোসেনের সম্পর্কের ঘটনায় ওই সালিশ বসে। মামলার প্রধান আসামি মাহবুবসহ পাঁচজনকে এর আগে গ্রেপ্তার করা হয়।
প্রথম ময়না তদন্তে হেনার দেহে কোনো নির্যাতনের চিহ্ন না পাওয়ার কথা বলা হলে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ নতুন করে ময়না তদন্তের নির্দেশ দেয়। ঢাকায় দ্বিতীয় দফায় ময়না তদন্তে নির্যাতনের প্রমাণ মেলে।
দুই ময়না তদন্ত প্রতিবেদনের অমিল থাকায় বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি করতে নির্দেশ দিয়ে উচ্চ আদালত।
ওইদিন হাইকোর্টের আদেশে আদালতে হেনার বাবা ও মা ছাড়াও উপস্থিত হন নড়িয়া থানার উপপরিদর্শক আসলাম উদ্দিন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম সারওয়ার, চামটা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস শেখ।
হেনার মৃত্যুর ১১ দিন পরও মামলার বাকি ১২ আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৩১ ঘ.
bdnews24