ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী দায়িত্ব পালনের সময় নির্বাহী হাকিমকে মারধরের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) ওই হাকিমকে কক্সবাজারের (উখিয়া-টেকনাফ) সাংসদ আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করতে বলেছে।
তবে লাঞ্ছিত নির্বাহী হাকিম মো. আব্দুর রহমান বলছেন, তিনি কিছুই জানেন না।
গত ১৫ জানুয়ারি কক্সবাজারের টেকনাফ পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী নিজের চাচার নির্বাচনী জনসভায় অংশ নেন সাংসদ আবদুর রহমান বদি। এ সময় নির্বাহী হাকিম ওই নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করার সময় সাংসদ বদি তাকে মারধর করেন।
বুধবার ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী দায়িত্ব পালনকালে শারীরিকভাবে নির্যাতন-লাঞ্ছিত করায় নির্বাহী হাকিম আবদুর রহমানকে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি স্পিকারকেও জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের সঙ্গে বুধবার রাত ৯টার দিকে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখন পর্যন্ত বিষয়টি জানি না। ইসি কী ধরনের নির্দেশনা দিয়েছে তা হাতে না পেলে মন্তব্য করতে পারবো না।"
২০০৯ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনেও এই সাংসদ নির্বাচনী কর্মকর্তাদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
সেবার সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়, যা ছিলো কোনো মন্ত্রীর বিরুদ্ধে কমিশনের প্রথম মামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএইচসি/এএল/কেএমএস/২২২৯ ঘ.
bdnews24