২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে জোড়া খুনের দুই আসামীর জামিন বাতিল

কাগজপত্র জালিয়াতি করায় গুলশানে জোড়া খুনের দুই আসামি রুবেল ও মিথুনের জামিন বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাগজপত্র জালিয়াতি করায় গুলশানে জোড়া খুনের দুই আসামি রুবেল ও মিথুনের জামিন বাতিল করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম আব্দুল হাকিমের বেঞ্চ এ আদেশ দেয়। সেইসঙ্গে যথাসম্ভব দ্রুত ওই আসামীদের গ্রেপ্তার নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্র"নাল-৩ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে জালিয়াতির ঘটনা সম্পর্কে প্রতিবেদন দিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম ও দ্রুত বিচার ট্রাইবুনাল-৩'কে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও রুবেল-মিথুনের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম ও অ্যাডভোকেট মনির হোসেনকে একই সময়ের মধ্যে জালিয়াতি সম্পর্কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জামিন পাওয়ার পর রুবেল-মিথুন মামলার সাক্ষী ও নিহত দম্পতির কন্যাদের হুমকি দিচ্ছিল বলে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিষয়টি আদালতের নজরে আনলে এই আদেশ দেওয়া হয়। এ বিষয়ে মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের জামিন নেওয়ার সংবাদ পাওয়ার পর খোঁজ-খবর নিয়ে জানতে পারি তারা কল্পিত এজাহার, ভুয়া কাগজপত্র দাখিল করে জামিন পেয়েছে। এ বিষয়টি আদালতের নজরে আনলে জামিন বাতিল করা হয়। গত ২৪ মার্চ বাংলাদেশ নার্সারি মালিক সমিতির মহাসচিব সাদিকুর রহমান (৫৫) ও তার স্ত্রী রোমানা নার্গিস (৫০) গুলশানের কালাচাঁদপুরে নিজ বাসায় নিহত হন। ওই ঘটনায় পরে মিথুন ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গত ২৩ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন নিয়ে তারা বেরিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২২১৫ ঘ.