আল আমীন দেওয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালিশের ফতোয়া মেনে হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় চার মাস ধরে পালিয়ে বেড়াতে হচ্ছে মৌলভীবাজারের এক কৃষক দম্পতিকে।
ঘটনার শিকার কয়ছর মিয়া ও তার স্ত্রী রাবেয়া খাতুন বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে সাংবাদ সম্মেলন করে তাদের এই দুর্দশার কথা তুলে ধরেন।
কয়ছর মিয়া জানান, তাদের বাড়ি মৌলভীবাজার জেলার সদর থানার একাটুন ইউনিয়নের বড়কাপন গ্রামে। ফতোয়াবাজরা হুমকি দিয়েছে, হিল্লা বিয়ে না করলে রাবেয়ার চুল কেটে একশ দোররা মেরে গ্রামছাড়া করা হবে। তাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। এ কারণে গত চারমাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন তারা। মঙ্গলবার আশ্রয় নিয়েছেন ঢাকার একটি হোটেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, খাবার রান্না করা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে কয়ছর তার স্ত্রী রাবেয়াকে তালাক দেওয়ার কথা বলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা সালিশ বসায়।
সালিশের রায়ে বলা হয়, মুখে 'তালাক' বলায় রাবেয়ার তালাক হয়ে গেছে। কাজেই এখন আবার একসঙ্গে থাকতে চাইলে রাবেয়া খাতুনকে আগে হিল্লা বিয়ে দিতে হবে। নয়তো তার চুল কেটে একশ দোররা মেরে গ্রামছাড়া করা হবে।
কয়ছর ও রাবেয়া জানান, স্থানীয় বড়কাপন জামে মসজিদের সেক্রেটারি মৌলভী ফয়জুল এলাকার প্রভাবশালী ব্যক্তি আজাদ মিয়া (৫৫), নানু মিয়া ও আছকর মিয়াকে নিয়ে সালিশ বসিয়ে এ রায় দেন।
ওই দম্পতি পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ৯ নভেম্বর গ্রামের মো. শাহাবুদ্দীনের বাড়িতে ওই সালিশ বসে।
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়ছর মিয়া তার স্ত্রীকে মুখে তালাক বলে আবার ঘরসংসার করছে- এমন অভিযোগে এলাকার প্রভাবশালীরা সালিশ বসিয়ে তাকে ধর্মীয় রীতিনীতি মেনে চলতে বলে।"
সালিশে দোররা মারার হুমকির বিষয়টি শুনে সংশ্লিষ্ট এলাকায় গিয়েও পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য পায়নি বলে জানান তিনি।
সালিশে অংশগ্রহণকারী আজাদকে 'প্রভাবশালী' উল্লেখ করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "আজাদ লন্ডনে ছিলেন। সে জানে যে, দোররা মারার সিদ্ধান্ত নিলে তার পরিণতি ভাল হবে না।"
বাড়িতে সালিশ বসার বিষয়টি স্বীকার করে মো. শাহাবুদ্দীন মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজাদ মিয়া ও মৌলভী ফয়জুল সালিশে এ রায় দিয়েছেন। তারা বলেছেন, মুখে তালাক বললেই বিয়ে ভেঙে যায়। সালিশে আরো সিদ্ধান্ত হয়, যিনি রায় দিয়েছেন, তার সঙ্গেই বিয়ে হতে হবে।"
হিল্লা বিয়ের রায় না মানলে রারেয়া খাতুনের চুল কেটে একশ দোররা মারার সিদ্ধান্তও সালিশেই ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেন শাহাবুদ্দীন।
সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে রাবেয়া খাতুন বলেন, "হিল্লা বিয়ে না বসলে আজাদ ও মৌলভীরা আমাদের ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমার স্বামী কৃষক। ঢাকায় এক হোটেলে দুইদিন ধরে আছি। আমাদের টাকা-পয়সাও শেষ। আমরা এখন কোথায় যাব?"
একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আহম্মেদ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বিষয়টি শুনে ওই দম্পতিকে একটি বিষয়ে সাহায্য করতে গিয়েছিলাম। কিন্তু আজাদ মিয়া আমাকে ফোনে হুমকি দেয়।"
সালিশ ও রায়ের বিষয়ে লোকমুখে শুনেছেন জানিয়ে তিনি বলেন, "থানা বা সংশ্লিষ্টরা কেউ আমার কাছে কোনো অভিযোগ দেয়নি।"
মৌলভী ফয়জুলকে টেলিফোন করা হলে প্রথমে তিনি কথা বলতে রাজি হন। কিন্তু সালিশ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মুহূর্তে কথা বলার সময় আমার নেই।"
এরপর ফোন কেটে দেন মৌলভী ফয়জুল।
আজাদ মিয়ার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি দাবি করেন, সালিশের বিষয়ে তিনি কিছু জানেন না।
কিন্তু থানার ওসিও তার নাম উল্লেখ করেছেন জানানো হলে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানা বললে ঘটনা সঠিক। আমি কিছু বলবো না। আমি কিছুই জানি না।"
আছকর মিয়াও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/জেকে/২১৩৩ ঘ.
bdnews24