২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃময়নাতদন্ত শেষে হেনাকে আবার দাফন

পুনঃময়নাতদন্ত শেষে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দোররায় নিহত হেনা আক্তারের লাশ আবার দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনঃময়নাতদন্ত শেষে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দোররায় নিহত হেনা আক্তারের লাশ আবার দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তিন সদস্যের চিকিৎসক দল ময়নাতদন্ত সম্পন্ন করেন। রাত ৯টা ১০ মিনিটে বাড়ির পাশে মসজিদ সংলগ্ন কবরস্থানে আগের জায়গাতেই দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, থানার পরিদর্শক মীর্জা এ কে আজদ, চামটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন রাঢ়ী, স্থানীয় মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। এদিকে ময়নাতদন্ত সংক্রান্ত প্রতিবেদন বুধবার হাইকোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. জুবায়দুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, "ময়নাতদন্তে যা পাওয়া গেছে, তা সীলগালা করে বুধবার উচ্চ আদালতে পাঠানো হবে।" ময়নাতদন্ত দলের বাকি দুই সদস্য হলেন- ঢামেক হাসপাতালের প্যাথলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা.নজিবুর রহমান ও গাইনি বিভাগের সহকারি অধ্যাপক ডা. ফিরোজা বেগম। নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাংবাদিকদের বলেন, "মঙ্গলবার হেনার লাশ নড়িয়া নিয়ে যাওয়া হবে।" গত ২৪ জানুয়ারি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিশে হেনাকে নির্যাতন করা হয়। ৩১ জানুয়ারি তার মৃত্যু হয়। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে হেনা আক্তারের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করার আদেশ দেয়। হেনার ময়নাতদন্ত নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেখে আদালত এ আদেশ দেয়। সোমবার রাতে কবর থেকে হেনার লাশ তুলে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেবি/ডিডি/পিডি/২২০৭ ঘ.