ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুশাসন প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ কমিশন গঠনের দাবিতে 'গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও স্বশাসিত স্থানীয় সরকার প্রচারাভিযান' শুরু করেছে গভার্নেন্স এডভোকেসি ফোরাম।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সাতদিন ব্যাপী এ প্রচারাভিযানের উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
ঊদ্বোধনী বক্তব্যে ড. খলীকুজ্জামান বলেন, "আমলাতন্ত্র দিয়ে এই দেশের কোন উন্নতি হবে না। অথচ দেশে আমলাতন্ত্রের প্রাধান্য বেড়ে যাচ্ছে। তাদের বেড়াজালে পরে দেশের অনেক ভালো কাজ হয় না। তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ছড়ি ঘোরায়।"
জনগনই ক্ষমতার উৎস কিন্তু তাদের কোন ক্ষমতায় রাখা হয় না উল্লেখ করে তিনি বলেন, "মুক্তি অর্জন করেতে হলে জনগনকে ক্ষমতা দিতে করতে হবে।
"স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্খা অনুযায়ী জনগনের হাতে ক্ষমতা প্রদান বা এতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। স্থানীয় সরকারের আইনগুলোতে জনপ্রতিনিধিদের দায়িত্ব সুনির্দিষ্ট করলে যে কোন সাংঘর্ষিক পরিস্থিতি এড়ানো যাবে।"
সম্মেলনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় কনভেনশন-২০১০ এ গৃহীত প্রস্তাবিত বিকেন্দ্রীকরণ নীতিমালা ও ২১ দফা দাবিনামা সরকারের কাছে পৌঁছে দিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির কাছে তুলে দেওয়া হয়।
ইসরাফিল আলম তার বক্তব্যে বলেন, "সাংবিধানিকভাবে গণতান্ত্রিক যে ধারাবাহিকতা তা ব্যাহত হওয়ায় স্থানীয় সরকার গতিশীল হওয়ার পথ রুদ্ধ হয়েছে। বর্তমান সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করতে যথাযথ পদক্ষেপ নেবে।"
তিনি বলেন, "স্থানীয় পর্যায়ে এমপি ও উপজেলা পর্যায়ের জন প্রতিনিধিরা যদি ঠিকাদার হন তাহলে সে উন্নয়ন নিয়ে প্রশ্ন থেকে যায়।"
জন প্রতিনিধিদের প্রতি নি:স্বার্থভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "ক্ষমতার বিকেন্দ্রীকরণের সাথে সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতারও বিকেন্দ্রীকরণ করতে হবে।"
মেহের আফরোজ চুমকি তার বক্তব্যে বলেন, "গণতন্ত্রের আরেক নামই বিকেন্দ্রীকরণ। বিস্তারিত আলোচনার মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী করার জন্য বর্তমান সরকার পদক্ষেপ নেবে। তবে এর জন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রচারাভিযান পত্র পাঠ করেন গভার্নেন্স এডভোকেসি ফোরামের সমন্বয়কারী মহসিন আলী।
তিনি জানান, দেশব্যাপী প্রাথমিকভাবে ২৫টি জেলা ও ৩০টি উপজেলায় এ প্রচারভিযান চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কেএমএস/১৫১৮ ঘ.
bdnews24