ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার রেকর্ড উন্নয়নে র্যাবকে বৃটেন প্রশিক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে বৃটেনের শীর্ষ কূটনীতিক।
ঢাকায় বৃটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স মঙ্গলবার বলেন, "র্যাবকে ব্রিটেনের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য ছিলো তাদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল করা এবং তা ছিলো বাংলাদেশের জন্য মঙ্গলজনক।"
বৃটেনের র্যাবকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে উইকিলিকস নতুন কোনো তথ্য দেয়নি বলেও মন্তব্য করেন ইভান্স।
রাজধানীতে একটি হোটেলে কূটনৈতিক ও বিদেশ বিষয়ক সংবাদ প্রতিবেদকদের প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বৃটিশ হাইকমিশনার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বৃটেন সফরকে 'খুবই ফলপ্রসূ' আখ্যায়িত করে তিনি বলেন, তার দেশের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসবিবের সঙ্গে শেখ হাসিনার সফল বৈঠক হয়েছে।
"দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের উন্নয়নের বিষয়টিতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।"
যুক্তরাজ্যের 'একক সংস্কৃতি নীতি' প্রসঙ্গে ইভান্স জানান, তার সরকার 'খোলামেলা, নিরপেক্ষ ও সহনীয়তা' নীতি থেকে বিচ্যুত হয়নি।
"বিপুল সংখ্যক বাংলাদেশি ব্রিটেনের নাগরিক যারা দুই দেশের মধ্যে সেতু হিসেবে কাজ করছেন," মন্তব্য করেন এই বৃটিশ কূটনীতিক।
বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীন ও প্রাণবন্ত আখ্যায়িত করে স্টিফেন ইভান্স বলেন, "মাঝে মধ্যে ভুল খবর ছাপা হলেও সংবাদপত্রগুলোর মধ্যে ঠিক খবর প্রকাশের প্রবণতাই বেশি লক্ষণীয়। তবে সংবাদমাধ্যমের আরো উন্নতি প্রয়োজন।"
আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- এরকম মন্তব্য করে তিনি বলেন, "এসব বিষয় তুলে ধরতে গণমাধ্যমের আরো উন্নয়ন প্রয়োজন।"
ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতায় ডিসিএবি ও এমআরডিআই'র যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ১৯ জন সাংবাদিক অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এএল/পিডি/১৫২১ ঘ.
bdnews24