গাজীপুর, ফেব্র"য়ারি ০৭ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় একটি খামারের বার্ড ফ্লু আক্রান্ত পাঁচ হাজারের বেশি মুরগি নিধন করা হয়েছে।
সোমবার রাতে কোনাবড়ির দেওলিয়াবাড়ি গ্রামের খোরশেদ এগ্রো ফার্মের মুরগি খামারে এ অভিযান চালানো হয়।
জেলা প্রাণিসম্পদ অফিস জানায়, বেশ কিছুদিন ধরে এই খামারের মুরগি মারা যাচ্ছিল। সকালে খামারের মালিক মাহবুব আলম আক্রান্ত কয়েকটি মুরগি জেলা প্রাণিসম্পদ অফিসে পাঠান।
সেখান থেকে দুপুরে নমুনা পাঠানো হয় ঢাকার কেন্দ্রীয় প্রাণিসম্পদ রোগ গবেষণা কেন্দ্রে।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, সন্ধ্যায় ওই বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। রাত সাড়ে ৯টা থেকে খামারটির মুরগি নিধন করে মাটিচাপা দেওয়ার কাজ শুরু হয়।
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিন উদ্দিন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা পিকে এনামুল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হায়দার খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. জলিল, ভেটেরিনারি সার্জন ডা. মো. আল আমিন, ডা. মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24