চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মচারী পরিষদের (সিবিএ) বাধার মুখে নতুন কর্মস্থল চট্টগ্রাম বন্দরে কাজে যোগ দিতে পারেননি প্রশাসন ক্যাডার থেকে আসা এক কর্মকর্তা।
রোববার সকালে তারিকুল ইসলাম নামের ওই কর্মকর্তা চট্টগ্রাম বন্দরে নতুন চাকরিস্থলে যোগদানপত্র জমা দেন।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই কর্মকর্তা যোগদানপত্র জমা দিয়েছেন। তার যোগদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।"
নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে বন্দরের পরিবহন বিভাগে পরিচালক পদে তরিকুলকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতি না হওয়ায় বাধার মুখে পড়েন তিনি।
বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে প্রশাসন ক্যাডার থেকে লোক নিয়োগ দেওয়ায় আমরা তার যোগদানে বাধা দিয়েছি।"
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ বন্দর কর্মচারী পরিষদের নেতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/কেএমএস/১৩০৩ ঘ.
bdnews24