ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটির গ্রহণযোগ্যতার শুনানি পঞ্চমবারের মতো পিছিয়েছে।
আসামি পক্ষের এক আবেদনে বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ১০ ফেব্র"য়ারি মামলাটির গ্রহণযোগ্যতার (আমলে নেওয়ার) শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
আদালত আদেশে বলে, ১০ ফেব্র"য়ারি আইনজীবীদের বক্তব্যের সমর্থনে মামলার আদেশের সত্যায়িত কপি বা অপর সংশ্লিষ্ট কাগজ দাখিলে ব্যর্থ হলে আর সময় দেওয়া যাবে না। শুনানি করতে হবে।
মামলাটি খারিজ চেয়ে আসামিদের আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে দাবি করে তাদের আইনজীবী শুনানি মুলতবির আবেদন জানায়।
এর আগে গত ৪ জানুয়ারি এ শুনানি পিছিয়ে দিয়ে বুধবার (২ ফেব্র"য়ারি) পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিলো।
গত বছরের ৬ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে বলা হয়, তাদের দুজনের যোগসাজসে ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচার করা হয়েছে।
জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ব্যাপক প্রভাবের অধিকারী হিসেবে পরিচিত তারেকের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৪টি মামলা হয়েছে।
গিয়াসউদ্দিন আল মামুন বর্তমানে কারগারে রয়েছেন। তাকে বুধবার আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮০১ ঘ.
bdnews24