২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেণ্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত দুই কর্মচারী

চাঁদা না দেওয়ায় রাজধানীর গেণ্ডারিয়ায় একটি দোকানে বুধবার সন্ত্রাসীদের গুলিতে দুই কর্মচারী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারী ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় রাজধানীর গেণ্ডারিয়ায় একটি দোকানে বুধবার সন্ত্রাসীদের গুলিতে দুই কর্মচারী আহত হয়েছেন। দুপুর পৌনে ২টার দিকে এম. মুসলিম টেইলার্স অ্যান্ড ফ্রেব্রিকস নামের দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কর্মচারী ওমর ফারুক (৩৩) ও জাহাঙ্গীর আলমকে (৩৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওমর ফারুক হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুরে কাজ করার সময় দোকানে ঢুকে দুই যুবক এলোপাথারি গুলি চালায়। এতে দোকানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হন। দোকান মালিক মো. মোসলেম উদ্দিন বলেন, "ইমন পরিচয়ে এক ব্যক্তি তাদের কাছে কয়েকবার চাঁদা দাবি করেছে। কিন্তু যে পরিমাণ চাঁদা দাবি করা হয় তা দেওয়ার সামর্থ্য আমার নেই।" গেণ্ডারিয়া থানার ওসি মো. ফারুক আহমেদ জানান, এর আগে এই দোকান মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হলেও তিনি পুলিশকে বিষয়টি জানান নি। জানালে হয়তো এ ঘটনা ঘটতো না। এ ঘটনায় গেণ্ডারিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/১৭৫০ ঘ.