২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা-অনিয়ম কমলেও গণতন্ত্র চর্চা এগোয়নি: ব্রতী

সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে ২০০৪ সালের তুলনায় কম সহিংসতা ও অনিয়ম হলেও রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র চর্চায় পরিবর্তন আসেনি বলে মনে করে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে ২০০৪ সালের তুলনায় কম সহিংসতা ও অনিয়ম হলেও রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র চর্চায় পরিবর্তন আসেনি বলে মনে করে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতী। সংস্থাটি বলেছে, এবার ভোটে নারীর অংশগ্রহণ বাড়ার পাশাপশি জাল ভোট দেওয়ার প্রবণতা কমেছে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'আমাদের দেখা পৌরসভা ও জাতীয় উপ নির্বাচন- ২০১১ ও ২০০৪' র্শীষক সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণ তুলে ধরেন ব্রতী কর্মকর্তারা। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ বলেন, "২০১১ সালের পৌর নির্বাচন প্রমাণ করে যে, দেশে নির্বাচন প্রক্রিয়া একটি পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। দক্ষ ব্যবস্থাপনা ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) দৃঢ়তা প্রকাশ পাচ্ছে। সরকারের সদিচ্ছা ও সহযোগী মনোভাব আরো স্পষ্ট হয়েছে।" তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র চর্চায় যথেষ্ট পরিবর্তন আসেনি। দলগুলোর প্রার্থী বাছাই সুষ্ঠু ও গণতান্ত্রিক নয়।" বিএনপি-জামায়াত জোট সরকারের অধীনে ২০০৪ সালের ১১৫টি পৌরসভায় নির্বাচন ও তিনটি সংসদীয় আসনের উপ নির্বাচন (ঢাকা-১০, মুন্সিগঞ্জ-১ ও গাজীপুর-২) পর্যবেক্ষণ করে ব্রতী। এবার তারা পর্যবেক্ষণ করে ২৪২ পৌরসভা ও দুটি উপনির্বাচন (ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১)। তুলনামূলক চিত্র তুলে ধরে ব্রতীর প্রধান নির্বাহী বলেন, ২০০৪ সালে নির্বাচনের দিনই পৌর এলাকায় ৩৮৩টি, ঢাকায় ২৩৩টি, মুন্সিগঞ্জে ৫৯টি ও গাজীপুরে ৭টি সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় দুজন নিহত, ১৫০ জন আহত, ১১ জন মারাত্মক আহত এবং ১৩১ জন লাঞ্ছিত হন। আর এবার পৌর নিবাচনে ৫৪টি, হবিগঞ্জে ৩টি ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি সংঘর্ষের ঘটনায় ৬৩ জন আহত ও ৩ জন লাঞ্ছিত হয়েছেন বলে জানান তিনি। শারমীন মুরশিদ বলেন, "আগের পৌর নিবাচনে ক্ষমতাসীন দলের ক্যাডাররা ৩২০টি হামলার ঘটনা ঘটালেও এবার হয়েছে ৭টি। অনিয়মের ঘটনাও প্রায় ৬৮ শতাংশ কমে এসেছ এবার।" সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ পৌরসভার ২৩১০ জন ভোটার ও নির্বাচনী কর্মকর্তার কাছে নির্বাচন সম্পর্কে জানতে চেয়ে কোনো নেতিকবাচক মন্তব্য পায়নি ব্রতী। আরো একটি জরিপে ১২ পৌরসভার ৮২৮ জন এবং উপ নির্বাচনের দুটি এলাকার ৮১২ জন পোলিং এজেন্টের সাক্ষাৎকার নেয় সংস্থাটি। তারা প্রত্যেকেই শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ ভোট হওয়ার কথা জানিয়েছেন বলে দাবি করেন শারমীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৬৩৩ ঘ.