ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর প্রবেশদ্বার ও পার্শ্ববর্তী এলাকায় যানজট নিরসনে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) পদ্ধতি চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথে বিআরটি চালু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
বুধবার হোটেল সোনারগাঁওয়ে 'গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট করিডর প্রজেক্টে'র ওপর এক কর্মশালায় তিনি বলেন, "ঢাকা মহানগরীর যানজট নিরসনে বহুমাত্রিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটি পদ্ধতি চালু হলে জনগণের শ্রমঘণ্টা সাশ্রয় হবে এবং নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে।"
বিআরটি প্রকল্পে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত একটি টার্মিনাল ও একটি ডিপো থাকবে। এছাড়া দুটি ফ্লাইওভার ও বিভিন্ন ইন্টারসেকশনে পাঁচটি ওভারপাস নির্মাণের প্রস্তাব আছে।
বিশ্বের জনবহুল শহরগুলোতে বিআরটি একটি জনপ্রিয় পদ্ধতি। এতে বিদ্যমান সড়কের মাঝ বরাবর বাস আসা-যাওয়ার জন্য দুটি লেইনকে পৃথক করা হয়। এতে যাত্রীদের ভ্রমণব্যয় কম হয় এবং স্বল্প-সময়ে ভ্রমণ করতে পারে।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পটির নির্মাণ কাজ ২০১২ সালে শুরু হয়ে ২০১৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করা করা হয়েছে। বিআরটি চালু হলে এ রুটে প্রতিদিন প্রায় ১ লাখ লোক চলাচল করতে পারবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় বিআরটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্মাণ ব্যয়ের মধ্যে ১ কোটি ২৫ লাখ ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে এডিবি। বাকি অর্থ আসবে বাংলাদেশ সরকার ও অন্যান্য দাতা সংস্থাগুলোর কাছ থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24