২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' নিহত

পাবনার সাঁথিয়া উপজেলার নুরদহ গ্রামে মঙ্গলবার রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক 'চরমপন্থী' নেতা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 05:45 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

পাবনা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলার নুরদহ গ্রামে মঙ্গলবার রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক 'চরমপন্থী' নেতা নিহত হয়েছে। নিহত হাফিজুল ইসলাম ওরফে রেজাউল ইসলাম (৩৫) পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা। র‌্যাব জানায়, এ সময় ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলিসহ দুইটি দেশে তৈরি বন্দুক উদ্ধার করা হয়। র‌্যাবের পাবনা ফাঁড়ির কর্মকর্তা আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'চরমপন্থীদের' বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি রাত ১২টার দিকে নুরদহ গ্রামে যায়। "র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি চালালে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষে প্রায় আধঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে হাফিজুলের লাশ পাওয়া যায়", বলেন তিনি। আকতার জানান, হাফিজুলের বিরুদ্ধে সাঁথিয়া থানায় হত্যার অভিযোগে চারটিসহ ছয়টি মামলা রয়েছে। তিনি নুরদহ গ্রামের আনসার আলীর ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৪০ ঘ.