ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনায়ও থেমে নেই ক্রসফায়ার; ঢাকায় এ ধরনের ঘটনায় মারা গেছেন আরেক জন।
মঙ্গলবার ভোররাতে ক্যান্টনমেন্ট থানায় এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন আজগর আলী (৩৫) নামে এক ব্যক্তি।
নিহত এ ব্যক্তি সন্ত্রাসী বলে র্যাবের দাবি।
র্যাব-৪ এর সহকারী পরিচালক নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাবের একাধিক দল ক্যান্টনমেন্ট থানা এলাকার মানিকদী চৌধুরীকুঞ্জ এলাকায় টহলের সময় 'বন্দুকযুদ্ধের' এ ঘটনা ঘটে।
তিনি বলেন, "সন্দেহজনক গতিবিধির কয়েকজনকে দেখে র্যাব এগিয়ে গেলে তারা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও তখন পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর অন্যরা পালিয়ে গেলে র্যাব ঘটনাস্থলে গিয়ে এক জনকে গিৈুলবিদ্ধ অবস্থায় পায়।"
গুলিবিদ্ধ আজগরকে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানায়, তার মৃত্যু হয়েছে।
র্যাব কর্মকর্তা আমিন বলেন, "নিহত আজগর ক্যান্টনমেন্ট মানিকদী এলাকার শীর্ষসন্ত্রাসী ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী। আজগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।"
ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি ওয়ান শুটার এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।
গত মাসে ঢাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অন্তত পাঁচজন নিহত হয়। এর মধ্যে নিরীহ ব্যক্তিও রয়েছে বলে অভিযোগ উঠেছে।
মানবাধিকার সংগঠন অধিকার'র হিসেবে, গত বছর ১০১ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
এই ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অভিহিত করে এটা বন্ধ এবং এতে জড়িত র্যাব-পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়ে আসছে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমআই/১০৩০ ঘ.
bdnews24