২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকার-দর্শক সংঘর্ষে রংপুর স্টেডিয়াম রণক্ষেত্র

ঝালমুড়ি ও আমড়া কেনা নিয়ে রংপুর স্টেডিয়াম এলাকায় হকারের সঙ্গে দর্শকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

রংপুর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালমুড়ি ও আমড়া কেনা নিয়ে রংপুর স্টেডিয়াম এলাকায় হকারের সঙ্গে দর্শকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার রংপুর স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’র বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলার সময় এই সংঘর্ষ হয়। এ সময় সাতটি বাস ও ট্রাক ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিপেটা করেছে। সংঘর্ষে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। আহতদের মধ্যে দুলাল (১৪), মমতাজ উদ্দিন (২৩), সালাম (১৯), ও চঞ্চলকে (২০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খেলা দেখতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিল। খেলা চলাকালে স্টেডিয়ামের বাইরে ঝালমুড়ি ও আমড়া কিনতে গিয়ে হকারদের সঙ্গে দুই তরুণের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় দু’পক্ষের সংঘর্ষ স্টেডিয়ামের বাইরে হনুমান তলা থেকে রাধাবল্লভ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় সাতটি বাস ও ট্রাক ভাংচুর করা হয় বলে তিনি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিপেটা করেছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় মিলন ও রোমান নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি ভাংচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১০৭ ঘ.