সিলেট, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ শিকদার।
আদালত অভিযোগপত্রের উপর শুনানির জন্য আগামী ১ জানুয়ারি তারিখ ধার্য করেছে।
অভিযুক্তদের কয়েকজন হলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা আহবায়ক সামসুজ্জামান জামান, বিএনপির দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি এটিএম ফয়েজ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইফতেখার আহমদ দিনার, মহানগর ছাত্রদলের শাকিল মোর্শেদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল সভাপতি মো. কহিনুর এবং সাধারণ সম্পাদক মকছুদ আহমদ।
অভিযোগপত্রে মামলার এজাহারভুক্ত আসামি সিলেট নগর বিএনপির যুগ্ম-সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, দক্ষিণ সুরমা ছাত্রদলের নেতা রুহুল আমিন ও ছাত্রদল নেতা মো. শাহজাহানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
গত ১৮ ডিসেম্বর ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে বিস্ফোরণও ঘটে। মতিঝিলে বিস্ফোরণে মারা যান এক যুবক। এর পরপরই সিলেটের দক্ষিণ সুরমা এলাকার চ-িপুল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ‘হবিগঞ্জ সুপার এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন দিলে এক যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা এবং পরিবহন ব্যবসায়ী শাহ নূরুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে ‘ইলিয়াস ভাই জিন্দাবাদ’ শ্লোগান দেয়, এবং আসামি মকসুদ তার মোবাইল থেকে অন্য একটি ফোনে ‘ইলিয়াস ভাই কাজ হয়েছে। আমরা একটি গাড়ি ভাঙচুর করে পেট্টোল দিয়ে পুড়িয়ে দিয়েছি,’ এই খুদে বার্তাটি পাঠায়।
এছাড়া আসামিরা ‘ইলিয়াস ভাই, বিএনপি-জামায়াত এক জোট’ শ্লোগান দিয়ে তেলিবাজার সেতুর দিকে চলে যায়।
অভিযোগপত্রে ‘ইলিয়াস আলীর মদদে’ আসামিরা দুটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং অজ্ঞাত এক ব্যক্তি আগুনে পুড়ে নিহত হন বলে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৫১ ঘ.
bdnews24