ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম আমিনুল ইসলামের (জেলা জজ) দুর্নীতি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলামকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা জেলা জজ আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারকের দায়িত্ব পালনকালে করা ‘দুর্নীতি’ তদন্তে এই কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, তার বিরুদ্ধে ওই সময়ে জাল মুদ্রা, মাদক ও অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় জামিন দেওয়ায় অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে।
তদন্তকারী কর্মকর্তাকে প্রাথমিক তদন্ত করে অবিলম্বে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯২২ ঘ.
bdnews24