রংপুর, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাইভেট না পড়ায় উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফেল করানোর অভিযোগ উঠেছে রংপুরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে।
এ কারণে ওই শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ায় বুধবার সকালে বিক্ষোভ, ভাংচুর করেছেন শিক্ষার্থী ও অভিবাবকরা। এক পর্যায়ে তারা ক্যাম্পাসে অবস্থানও নেন।
সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. এছাহাক আলী আগামীকাল (বৃহস্পতিবার) বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে তারা অবস্থান তুলে নেন।
এ ব্যাপারে অভিভাবক আব্দুল মতিন, মনোয়ার হোসেন বলেন, দাবি না মানলে কাল আবার আন্দালন করা হবে।
অভিভাবকদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, বুধবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফরম পূরণের শেষ দিন। কিন্তু ৩০জন শিক্ষার্থী একটি করে বিষয়ে করেছে উল্লেখ করে কলেজ কর্তৃপক্ষ তাদের পরীক্ষায় ফরম পূরণ করতে দেবে না বলে জানিয়ে দেয়।
দুপুর ১টার দিকে অভিভাবকরা শিক্ষার্থীদের নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কথা বলতে চাইলে অধ্যক্ষ মো. এছাহাক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এরপর তারা বিক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের অপসারণ ও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
তাদের অভিযোগ শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ার কারণে এই শিক্ষার্থীদের ফেল করানো হয়েছে।
এক পর্যায়ে তারা কলেজের কয়েকটি জানালা ও আসবাবপত্র ভাংচুর করেন। এর এক ফাঁকে অধ্যক্ষসহ ‘অভিযুক্ত’ শিক্ষকরা কলেজ থেকে চলে যান।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে বিকালে অধ্যক্ষ মো. এছাহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “যা করা হয়েছে তা ঠিক করা হয়েছে।”
তবে, অভিযুক্ত কয়েকজন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে ফোন বন্ধ পাওয়া যায়।
যেসব শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তারা হলেন ইংরেজি বিভাগের আব্দুল হালিম, বাণিজ্যের ফারুখ এলাহী, গণিতের আতিয়ার রহমান, অর্থনীতির হামিমা বেগম ও অ্যাকাউন্টটিংয়ের অলিউল হক।
গত বছরও প্রাইভেট বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ হলে জেলা প্রশাসক ওই কলেজের অ্যাকাউন্টিং শিক্ষক অলিউল হককে সাময়িক বরখাস্ত করে তদন্তের নির্দেশ দেন। কিন্তু ওই তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।
এবারও অভিভাবক-শিক্ষার্থীদের অভিযুক্তের তালিকায় অলিউলের নাম রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০২৩ ঘ.
bdnews24