ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের বর্তমান চাকরির বয়সের ধারাবাহিকতা বজায় রেখে বয়সসীমা ৬২ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড সমন্বয় পরিষদ।
রোববার সকালে রাজধানীর রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের মহাসচিব মো. শাহাবুদ্দীন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত ১৯ ডিসেম্বর কেবিনেট মিটিংয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স ২ বছর বৃদ্ধি করা হলেও চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের বয়স বৃদ্ধি করা হয়নি।”
চীন, ভিয়েতনাম, কিউবা, ফ্রান্স, জার্মানিসহ বহুদেশে মুক্তিযোদ্ধাদের আজীবন চাকরির বিধানসহ পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়- এ দাবি করে তিনি বাংলাদেশেও চাকরির বয়সের ধারাবাহিকতা বজায় রেখে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৬২ করার দাবি জানান।
নইলে চাকরিজীবী মুক্তিযোদ্ধারা দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
পরিষদের সভাপতি হেদায়েতুল্লাহ বারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূর ইসলাম মোল্লা, যুগ্ন মহাসচিব অধ্যাপক শাহাজাহান কামাল প্রমুখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২০২৮ ঘ.
bdnews24