২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্গো ট্রলার শ্রমিকদের ধর্মঘট শুরু

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথের বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথের বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন। শনিবার দুপুরে শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন ঘাটে শত শত বালুবাহী বাল্কহেড নোঙর করে রাখে। ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা মিছিল করেছে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করে নৌ-শ্রমিকেরা । বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেঘনা সেতু থেকে মুক্তারপুর সেতু ও নারায়ণগঞ্জের মোহনায় চর ইজারাদারদের লোকজন ও ক্ষমতাসীন দলের নাম দিয়ে স্থানীয় সন্ত্রাসীরা চলন্ত বালুবাহী ট্রলারে চাঁদাবাজি করে আসছে। শ্রমিকেরা চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে। কোনো কোনো সময় বালুবাহী ট্রলার আটক করে রাখে। বালু মহাল থেকে টোকেন কেটে বালু নিয়ে ফেরার পথে একই মহালের লোক পরিচয় দিয়ে পরবর্তী ট্রিপের জন্য অগ্রিম টোকেন কাটতে বাধ্য করে শ্রমিকদের। জাহাঙ্গীর জানান, ২০০৯ সালের ২২ ডিসেম্বর এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সভাপতিত্বে একটি সভায় সিদ্ধান্ত হয়, বালু মহালের বাইরে কোনো টোকেন কাটা যাবে না এবং ট্রলার শ্রমিকেরা তাদের খুশিমতো মহাল থেকে বালু লোড করতে পারবে। কিন্তু এ সিদ্ধান্তের পর গত এক বছর নৌ-পথে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা কমে আসলেও গত কয়েকমাস ধরে চাঁদাবাজদের উৎপাত আবারো বেড়ে গেছে। এ নিয়ে প্রশাসনের কারছে প্রতিকার চেয়ে এক মাস আগে কার্গো শ্রমিকরা ধর্মঘট পালন করে। প্রশাসন চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কাজ হয়নি। বন্ধ হয়নি নৌপথে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের অপতৎপরতা। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে বাধ্য হন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২৪৬ ঘ.