২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্রহত্যা: মাঝির জবানবন্দি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার নৌকার মাঝি গুলজার মিয়া ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

সিলেট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার নৌকার মাঝি গুলজার মিয়া ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকালে সিলেটের মুখ্য বিচারিক হাকিম রুকনউদ্দিন কবীর এ জবানবন্দি নেন। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে বাদাঘাটের চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে দুর্বৃত্তের হামলায় নিহত হন পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীর। পরদিন তাদের লাশ উদ্ধার করা হয় খাল থেকে। মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি সেলিম হোসেন জানান, ঘটনার পরপরই গ্রেপ্তার করা নৌকার মাঝি গুলজারের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল। এলাকাবাসী অভিযুক্তদের ধরে পুলিশে সোপর্দ করায় মাঝি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন বলে তিনি জানান। বৃহস্পতিবার এলাকাবাসী সাতজনকে ধরে পুলিশে দেয়। এর আগে গ্রেপ্তার হয়েছিল তিনজন। মোবাইল ফোন উদ্ধার এলাকাবাসীর মাধ্যমে পুলিশে সোপর্দ করা ছয়জনের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত এক ছাত্রের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। জালালাবাদ থানার উপ-পরিদর্শক সঞ্জিত দাস জানান, বৃহস্পতিবার মধ্যরাতে কোম্পানীগঞ্জ উপজেলা সদরের একটি পরিত্যক্ত স্থান থেকে এটি উদ্ধার করে পুুলিশ। পুলিশ অন্য আলামতও উদ্ধারের চেষ্টা করছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২২২ ঘ.