নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বৃহস্পতিবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন।
নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল শেষে চাঁদাবাজি ও সন্ত্রাস ঠেকাতে পদক্ষেপ চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, মেঘনা সেতু থেকে মুক্তারপুর সেতু এবং নারায়ণগঞ্জের মোহনায় চর ইজারাদারদের লোকজন ও চাঁদাবাজরা বালুবাহী বাল্কহেডসহ অন্যান্য জাহাজে নিয়মিত চাঁদাবাজি করে আসছে।
“চাঁদা দাবিতে সন্ত্রাসীরা নৌ-শ্রমিকদের মারধর করে তাদের টাকা পয়সা ও মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ইজারাদারদের লোকজন ডাবল টোকেন কাটে এবং বালুমহালের অনেক দূরেও টোকেন কাটা হয়,” বলেন তিনি।
জাহাঙ্গীর বলেন, ২০১০ সালের ডিসেম্বর মাসে চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে প্রশাসন কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার পর গত এক বছর নৌ-পথে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ছিলো।
“কিন্তু বর্তমানে চাঁদাবাজরা আবার বেপরোয়া হয়ে উঠেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসনকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই শ্রমিকরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন শুরু করেছে।”
বক্তারা বলেন, নৌ-পথে নৌ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে লাগাতার কর্মবিরতিসহ কঠোর আন্দোলনে যাওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২২১৫ ঘ.
bdnews24