ভোলা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাশ নিতে স্বজনদের কেউ না আসায় প্রশাসনের উদ্যোগে ভোলায় ১০ জলদস্যুকে একসঙ্গে কবর দেওয়া হয়েছে।
গত বুধবার সাগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলো এই ১০ জন। ময়না তদন্তের পর শুক্রবার বিকালে তাদের কবর দেওয়া হয়।
আঞ্জুমানে মফিদুল ইসলামের সহযোগিতায় ভোলা খালপাড়ার কবরস্থানে ১০ জনকে কবর দাফন করার কাজটির তত্ত্বাবধানে ছিলো পুলিশ।
ভোলা থানার ওসি মোবাশ্বির আলী সাংবাদিকদের বলেন, “ময়নাতদন্তের পর লাশ আত্মীয়-স্বজনরা না নেওয়ায় ১০ জলদস্যুকে গণকবর দেওয়া হয়েছে।”
নিহত ১০ জলদস্যুদের মধ্যে আট জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ভোলা সদরের ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ গ্রামের হযরত আলীর ছেলে সামছু (২৫), একই গ্রামের শাহে আলমের ছেলে নূরনবী (২০), সেলিমের ছেলে হাসান (২০), বাবুলের ছেলে হেজু (১৮), মোস্তফার ছেলে শিহাব (২০), বজলু (২৫), ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকার তফাজ্জলের ছেলে জাকির (৩২) ও সাতক্ষীরার বিশু।
ওই বন্দুকযুদ্ধে বিল্লাল নামে মনপুরা উপজেলার এক জেলেও মারা যান। তার লাশ স্বজনরা নিয়ে গেছে বলে ওসি জানিয়েছে।
মনপুরা উপজেলার ভাসানচরের অদূরে সাগর মোহনায় পুলিশ ও জলদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধ হয় বুধবার দুপুর ২টার দিকে। ঘটনাস্থল থেকে দুটি কাটা রাইফেল, দেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৮৪২ ঘ.
bdnews24