নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদী দূষণের জন্য দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী পারটেক্স গ্র“পের কাগজ কারখানাকে ৩৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী পরিবেশ সংরক্ষণ আইনে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত আম্বার পাল্প অ্যান্ড পেপার মিলকে এ জরিমানা করেন।
একই সঙ্গে ইটিপি প্ল্যান্ট (তরল বর্জ্য পরিশোধনাগার) স্থাপন ছাড়া তরল বর্জ্য নদীতে না ফেলার জন্য কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই প্রতিষ্ঠানের অর্থায়নকারী ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও জনতা ব্যাংকের কাছ থেকে আম্বার পাল্প অ্যান্ড পেপারের সব ধরনের ঋণ পাওয়ার সুবিধা বন্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান মুনীর চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত আম্বার পাল্প অ্যান্ড পেপার মিলস গত ১০ বছর ধরে ইটিপি প্ল্যান্টের ব্যবহার ছাড়াই কারখানার তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে ফেলে আসছিলো। এতে নদীতে দূষণ হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানাটি চলছিলো জানিয়ে মুনীর বলেন, “কারখানার বর্জ্য পরিশোধনের জন্য ইটিপিও তারা স্থাপন করেননি।”
পারটেক্সের এ কারখানায় বছরে সাড়ে সাত হাজার মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়। কারখানাটি ‘লাল’ শ্রেণীভুক্ত হওয়ায় ইটিটি স্থাপন এবং পরিবেশ ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক বলে পরিবেশ অধিদপ্তর জানায়।
নির্ধারিত সময়সীমার মধ্যে ইটিপি স্থাপনে ব্যর্থ হলে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে বলে মুনীর জানান।
অধিদপ্তর বলছে, গত ১০ বছরে কারখানাটি প্রায় আড়াই লাখ ঘনমিটার তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে ফেলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24