ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা দিতে বিভিন্ন দেশের ১২৭ জন নাগরিকের নাম চূড়ান্ত করেছে সরকার।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নামগুলো চূড়ান্ত হয়। আগামী বছরের শুরুতেই এই সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।
সম্মাননা জানানোর তালিকায় ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী, কবি অ্যালেন গিনসবার্গ, পণ্ডিত রবিশঙ্কর, যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড কেনেডি, সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসন, জোয়ান বায়েজের নাম রয়েছে।
ইন্দিরা গান্ধীর সম্মাননাপত্র গত জুলাই মাসে তার পুত্রবধূ সোনিয়া গান্ধীর হাতে তুলে দেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। কংগ্রেস সভানেত্রী সোনিয়া অটিজম বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে তখন ঢাকায় এসেছিলেন।
পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপ-কমিটির প্রস্তাব অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১২৪ জনের তালিকা মন্ত্রিসভায় উপস্থাপন করেন, আলোচনা শেষে ১২৭ জনের নাম চূড়ান্ত হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “চার জনের নাম বাদ দিয়ে নতুন করে সাত জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে জরুরি ভিত্তিতে সম্মাননা দেওয়া প্রয়োজন, এমন ব্যক্তিদের নামও এতে অন্তর্ভুক্তির সুযোগ থাকবে।”
ভবিষ্যতেও কোনো নাম আলোচনায় এলে তাদের তথ্যগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সম্মাননা দেওয়া হবে বলে তিনি জানান।
স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার এ বছরে স্বাধীনতা দিবসে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছিলো। কিন্তু পরে তা পিছিয়ে বিজয় দিবসে দেওয়ার পরিকল্পনা হয়।
তবে তাজুল ইসলাম জানান, আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ২৬ মার্চের মধ্যে যে কোনো একদিন দেওয়া হতে পারে।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সময়সূচি অনুযায়ী এ তারিখ চূড়ান্ত হবে,” বলেন তিনি।
সম্মাননার অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবনের সংসদ প্লাজায়।
একাধিক ক্যাটাগরিতে এ বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। এর মধ্যে ‘স্বাধীনতা সম্মাননা’র জন্য নির্বাচিত হন ইন্দিরা গান্ধী। এ ক্যাটাগরিতে শুধু তাকেই সম্মাননা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১৪৫ ঘ.
bdnews24