২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দু’টি পোশাক কারখানায় বিক্ষোভ

শ্রমিক ছাঁটাই নোটিশের প্রতিবাদে ও মজুরী বাড়ানোর দাবিতে গাজীপুরে দু’টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। এরমধ্যে একটিতে ভাংচুরও চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

গাজীপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ছাঁটাই নোটিশের প্রতিবাদে ও মজুরী বাড়ানোর দাবিতে গাজীপুরে দু’টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। এরমধ্যে একটিতে ভাংচুরও চালানো হয়। শনিবার এই বিক্ষোভের কারণে সদর উপজেলার কাশিমপুরে ‘তুরাগ গার্মেন্টস লিমিটেড’ এবং ভোগড়ায় ‘গরীব অ্যান্ড গরীব সোয়েটার’ কারখানা একদিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তুরাগ গার্মেন্টস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক হুসাইন বিন এম এ খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে কর্মবিরতি ও অপ্রীতিকর ঘটনায় জড়িত ৫৮ শ্রমিককে বৃহস্পতিবার ছাঁটাইয়ের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। “তারা যদি সঠিক জবাব দিতে পারে তাহলে ছাঁটাই করা হবে না,” বলেন খালেক। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, ওই নোটিশের কথা জানতে পেরে শনিবার সকালে শ্রমিকরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে, ‘গরীব অ্যান্ড গরীব সোয়েটার’ কর্তৃপক্ষ মজুরী বাড়ানোর দাবি মেনে না নেওয়ায় কারখানায় ভাংচুর করেছে শ্রমিকরা। এই প্রতিষ্ঠানের পরিচালক ফজলুল হক ভুইয়া বলেন, কয়েকদিন আগে কয়েকজন কর্মকর্তাকে ছাঁটাই করা হয়। তদের অনুসারী কিছু শ্রমিক উৎপাদন বাড়ানোর অজুহাতে কারখানায় ভাংচুর করেছে। পরে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহামেদ দুই কারখানাতেই বিক্ষোভের বিষয় নিশ্চিত করে বলেন, দু’টি কারখানায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্প পুলিশ মোতায়েন ছিল। একদিনের জন্য এই দুই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৩ ঘ.