ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।
বৃহস্পতিবার নতুন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন ঢাকায় দেশটির হাইকমিশনার জামালউদ্দিন বিন সাবেহ।
সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৌজন্য সাক্ষাতে এসে মালয়েশিয়ার দূত অবকাঠামো উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া যোগাযোগ খাতের উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা নিয়েও রাষ্ট্রদূতের আলোচনা করেন কাদের।
গত ১৮ অক্টোবর মালয়েশিয়া সরকারের বিশেষ দূত দাতো সেরি এস স্যামি ভেলু তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে দেখা করে বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন।
আলোচনা শেষে আবুল হোসেন ওইদিন সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্বিতীয় ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, বাস র্যাপিড ট্রানজিট, রোকেয়া সরণি এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে প্রস্তাবিত টানেল এবং জাতীয় গুরুত্বপূর্ণ মহাসড়কে অর্থায়নে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে এর মধ্যেই মন্ত্রিসভায় রদবদলে যোগাযোগ দপ্তর হারান আবুল হোসেন। নতুন মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৬৩৫ ঘ.
bdnews24