২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) মোকাম বাহিনীর প্রধান মোকাম আলী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 04:16 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

চুয়াডাঙ্গা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) মোকাম বাহিনীর প্রধান মোকাম আলী নিহত হয়েছে। র‌্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের কমান্ডার হাসানুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে আলমডাঙ্গা-জামজামি সড়কের যমুনা মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি শাটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া গ্রামের এলাহী মালিতার ছেলে মোকামের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান জানান। র‌্যাব কর্মকর্তা হাসানুর বলেন, মোকাম তার দলের লোকজন নিয়ে বুধবার রাত ১১টার দিকে যমুনা মাঠের একটি ইটভাটায় বৈঠক করছিল। এ সময় র‌্যাবের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মোকাম বাহিনীর সদস্যরা তাদের ওপর গুলি চালায়। র‌্যাবও জবাব দিলে দুইপক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে মোকামের লাশ ও অস্ত্র উদ্ধার করা হয় বলে র‌্যাব কমান্ডার জানান। আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার জানান, মোকামের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০৮ ঘ.