২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিদেশে বিচারপতিদের প্রটোকল নিশ্চিত করুন’

সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রটোকল নিশ্চিত করার বিষয়টি বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর নজরে আনতে প্রজ্ঞাপন জারি করতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রটোকল নিশ্চিত করার বিষয়টি বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর নজরে আনতে প্রজ্ঞাপন জারি করতে বলেছে আদালত। প্রজ্ঞাপন জারি করতে বুধবার পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেয় বিচারপতি এএইচএম শামসুদ্দিন ও জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ। আদেশে সরকারি নিয়ম অনুযায়ী মর্যাদাক্রমে প্রটোকল নিশ্চিত করতে বলা হয়। গত জুলাইয়ে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক বিচারপতিকে যথাযোগ্য সম্মান জানানো হয়নি (প্রটোকল) বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর অ্যাডভোকেট মঞ্জুর তা নিয়ে আদালতে একটি মামলা করেন। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা প্রতিমন্ত্রী সমমর্যাদার প্রটোকল পাওয়ার কথা। মামলা পরিপ্রেক্ষিতে বুধবার হাই কোর্টের ওই বেঞ্চের দেওয়া রায়ে বলা হয়, “সমপর্যায়ের অন্যান্য সরকারি কর্মকর্তাদের প্রতি তারা [কূটনীতিকরা] যে সম্মান দেখায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে তাদের অবশ্যই তা করতে হবে।” এছাড়া বিদেশে বাংলাদেশি নাগরিকদের প্রতিও যথাযথ মনোযোগ দেওয়ার বিষয়টিও বিদেশে দূতাবাসগুলোতে কর্মরত কূটনীতিকদের নজরে আনতে আরেকটি প্রজ্ঞাপন জারির জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেয় আদালত। আগামী ৫ জানুয়ারির মধ্যে পররাষ্ট্র সচিবকে এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে। কলকাতায় ডেপুটি হাই কমিশনার মোস্তাফিজুর রহমান তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, “গত ৫ জুলাই প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা কলকাতা সফর করেছিলেন এবং তার প্রাপ্য প্রটোকল দেওয়ার জন্য আমাদের যথেষ্ট লোকবল নেই।” এ ব্যাখ্যায় পুরোপুরি সন্তোষজনক নয় উল্লেখ করে আদালত বলে, “এটা খুবই গুরুতর অভিযোগ।” আদালত বলে, “সচিবরা বিদেশে গেলে আপনারা [কূটনীতিকরা] বিমানবন্দরের উদ্দেশ্যে লাইন ধরেন। কিন্তু বিচারক যারা প্রতিমন্ত্রীর মর্যাদার তাদের ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে মনোযোগ দেওয়া হয় না।” “এটা আমাদের জানা আছে এবং এটাই বাস্তবতা।” এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য কূটনীতিকদের সতর্ক করে আদালত বলে, “আমরা বাইরে যেতে পারি এবং আদালতের সম্মান ও মর্যাদা রক্ষায় সম্ভাব্য সবই আমরা করবো।” “এবার আমরা আপনাকে সতর্ক করছি। তবে ভবিষ্যতে আপনাকে অনাকাক্সিক্ষত পরিস্থিতির মুখোমুখি হতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩৪৫ ঘ.