মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীনগর উপজেলার হরপাড়া মসজিদের শৌচাগার থেকে এক যুবকের ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম শামীম (২৮)। তিনি শ্রীনগরের পাশের উপজেলা লৌহজংয়ের গাঁওদিয়া গ্রামের বাসিন্দা।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামীমের শরীর আগুনে পুড়ে ঝলসানো ছিল।
“হত্যার পর তার দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কি না, তা ময়না তদন্তের পর জানা যাবে,” বলেন তিনি।
মঙ্গলবার সকালে স্থানীয় মুসল্লিরা শৌচাগারের ভেতরে লাশ দেখে পুলিশকে খবর দেয়। ময়না তদন্তের জন্য তা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে ওসি মিজানুর জানান।
ঝিল থেকে যুবকের গলিত লাশ উদ্ধার
সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর বেশনালে একটি ঝিল থেকে অলিদ ব্যাপারী (৩৭) নামে এক যুবকের গলিত লাশ মঙ্গলবার বিকালে উদ্ধার করেছে পুলিশ।
নিহত অলিদ শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কে বা কারা কেন হত্যা করে লাশটি ফেলে গেছে তা এখনও জানা যায়নি।
লাশটি একেবারেই গলে যাওয়ায় ময়না তদন্ত ছাড়া কিভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে না।
নিহতের ভগ্নিপতি খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় দিন ধরে অলিদ নিখোঁজ ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৮১২ ঘ.
bdnews24