২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুরা পালিত শোকের আবহে ভাব-গাম্ভীর্যে

ইমাম হোসেনকে হত্যার এই দিনে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া বিয়োগান্তক ঘটনা প্রতীকীভাবে তুলে ধরে শিয়া মুসলিমরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 03:47 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোকের দিন আশুরা (১০ মহররম) ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার পালন করেছে দেশের মুসলিমরা। এক হাজার ৩৩০ বছর আগের বিয়োগান্তক একটি ঘটনা স্মরণে এ দিনটি পালন করে বিশ্বের মুসলিম, বিশেষ করে শিয়া গোষ্ঠী। হিজরি ৬১ সালের এই দিনে (৬৮০ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর) বর্তমান ইরাকে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে তখনকার শাসক এজিদের বাহিনী হত্যা করে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেনকে। সেই থেকে মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে দিনটি পালিত হয়ে আসছে। ওই ঘটনা স্মরণে অনেক শিয়া মুসলমান এদিন ইমাম হোসেনের বীরত্বপূর্ণ সংগ্রাম ও কারবালার প্রান্তরে তাকে যে সব দুর্ভোগ পোহাতে হয়েছিল, তার প্রতীকী অনুকরণও করে থাকেন। নানাভাবে নিজের শরীরে আঘাত করে রক্ত ঝরিয়ে সহমর্মিতা প্রকাশ করেন তারা। সকালে হোসেনি দালানের ইমাম বাড়া মসজিদ থেকে বের হয় বিশাল তাজিয়া মিছিল। ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতমের মধ্য দিয়ে রাজধানীর নানা পথ ঘুরে বিকালে ধানমন্ডি লেকে শেষ হয় মিছিলটি। আট বছরের সাহিলকে এসেছিলো তার দাদির সঙ্গে। মিছিলে যোগ দিতে সকাল থেকেই বসে ছিলো ইমাম বাড়া মসজিদে। ‘হায় হোসেন করতে এসেছি’- বললো শিশুটি। তার ৭০ বছরের দাদি বললেন, “ইমাম হোসেনরা পৃথিবীতে এসেছিলেন বলেই আমরা পৃথিবীতে এসেছি।” সাহিলের মতো কয়েকশ শিশু এ তাজিয়া মিছিলে দেখা যায়। “আমি কোনো ক্ষমতার লোভে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বের হইনি। আমি বের হয়েছি আমার নানার উম্মতকে সংশোধন করার জন্য”- কারবালা প্রান্তরে শহীদ ইমাম হোসেনের এই উক্তি উদ্ধৃত করেন আয়োজকদের মুখপাত্র বাক্কার রেজা মাজলুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারবালার হৃদয়বিদারক সে দিনটি স্মরণ করতে প্রতি বছর বের করা হয় এই তাজিয়া মিছিল। হাজারো মানুষের ওই মিছিলে মাতম ছিলো- ‘হায় হোসেন, হায় হোসেন’। অনেককে নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত করতে দেখা যায়। হোসেনি দালান ইমামবাড়া থেকে প্রথম তাজিয়া মিছিল বের হয় রাত দেড়টায়। নাজিমুদ্দিন রোড, চক-সারকুলার রোড, ওয়াটার ওয়ার্কস রোড, কামিনী ভূষণ রুদ্র রোড, উর্দ্দু রোড ও বকশীবাজার হয়ে ইমামবাড়ায় ফিরে আসে। এছাড়া আটকে পড়া পাকিস্তানিদের আবাস মোহাম্মদপুর ও মিরপুরেও বের হয় তাজিয়া মিছিল। আশুরার এদিন অনেকে রোজাও রাখেন। মসজিদে সমজিদে হয় বিশেষ প্রার্থনা। আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “কারবালার শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার।” অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুরার শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আশুরা দেশে সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বেতার, টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/১৬৪৮ ঘ.