ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার কাজ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেক্টর কমান্ডার্স ফোরামের জাতীয় কনভেনশনে দেওয়া বক্তব্যে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “পৃথিবীর অন্যান্য ট্রাইব্যুনালের চেয়ে এই আদালতে অভিযুক্তদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে।”
মুক্তিযুদ্ধের এতো দিন পরও যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় জাতি হিসাবে বাঙ্গালীর লজ্জিত হওয়া উচিৎ মন্তব্য করে তিনি বলেন, “এবার আমরা মুক্তিযুদ্ধের ৪০তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। এখনো আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারীদের বিচার আমরা করতে পারিনি। আমাদের ভাইদের হত্যকারীরা এখনো স্বাভাবিকভাবে জীবন যাপন করছে।”
যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য ট্রাইব্যুনালের কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামী এই বিচারকে দীর্ঘায়িত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে ‘লবিইস্ট’ নিয়োগ দিয়েছে দাবি করে মিজানুর বলেন, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই ট্রাইব্যুনাল নিয়ে নেতিবাচক প্রচার চলছে। বলা হচ্ছে, এটা না-কি আন্তর্জাতিক মানের নয়।
যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি ইংগিত করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “এই ট্রাইব্যুনালে একজন অভিযুক্ত সাত দফা দাবি উত্থাপন করে বলেছেন, তার দাবি মানা না হলে তিনি ট্রাইব্যুনালের কাজে সহায়তা করবেন না। নুরেমবার্গ, টোকিও, কম্বডিয়া, যুগোশ্লাভিয়াসহ অন্য কোন ট্রাইব্যুনালে কেউ কি এভাবে দাবি উত্থাপন করতে পেরেছে?”
“ওই অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন নিয়ে প্রশ্ন তুলেছে। তার এ ধরনের সাহস হয় কি করে? টিপু ভাই (চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু), মালুম ভাইদের (প্রসিকিউটর জেয়াদ আল মালুম) আমি বলছি- আপনারা শক্ত হাতে এদের মোকাবেলা করুন”, যোগ করেন মিজানুর।
বিরোধী দল রাজনীতির কারণেই এ আইনের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়।
এ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ পাঁচ নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিচার চলছে।
এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে এরইমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৬১৩ ঘ.
bdnews24