২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবাদ মেটাতে উদ্যোগ মহিউদ্দিন চৌধুরীর

চট্টগ্রাম আওয়ামী লীগের দীর্ঘদিনের বিরোধ অবসানে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আর তা স্বাগত জানিয়েছেন অন্য পক্ষের নেতারাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 05:47 PM

Updated : 24 Aug 2022, 05:17 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আওয়ামী লীগের দীর্ঘদিনের বিরোধ অবসানে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আর তা স্বাগত জানিয়েছেন অন্য পক্ষের নেতারাও। শুক্রবার রাতে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে কমিটির বর্ধিত সভায় ঐক্যের আহ্বান জানানো হয়। সম্মেলনের প্রস্তুতিতে অন্য পক্ষের নেতাদের সামিল করতে আলোচনার কথাও জানিয়েছেন মহিউদ্দিন পক্ষের নেতারা। নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে নগরীর ইউনিট ও ওয়ার্ড সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশের বিষয়টি দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আজ জানিয়ে দেওয়া হয়েছে।” নগর কমিটির আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে সব নেতা ‘অভিমান’ করে দূরে সরে আছেন, তাদের সঙ্গে জ্যেষ্ঠ নেতারা যোগাযোগ করবেন। “ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, সবাইকে নিয়ে সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিতে। আমরাও তাদের কাছে যাবো,” বলেন সাইমুল। দানু, সাইমুল ও ফারুক তিন জনই নগর আওয়ামী লীগে মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। দলের আরেকটি অংশ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন ও সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির অনুসারী। নগর কমিটির বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবারের বৈঠকে নগর আফসারুল আমীনের অনুসারী হিসেবে পরিচিত নেতারা ছিলেন না। মহিউদ্দিনের এ উদ্যোগের প্রতিক্রিয়া জানতে চাইলে আফসারুল আমীনের পক্ষের নেতা হিসেবে পরিচিত নগর কমিটির যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।” “সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দলীয় গঠনতন্ত্র সমুন্নত রাখতে আমরা সবসময় ইচ্ছুক। দলে বিভক্তি হোক এটা কে চায়? সবাই মিলে যে কোনো সিদ্ধান্ত নিলে তা দলের জন্য ভালো,” বলেন তিনি। মহিউদ্দিন চৌধুরীর অনুসারী নেতাদের পক্ষ থেকে বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা ও ঐক্যবদ্ধভাবে মহানগর সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে আহ্বান জানানো হলে যোগ দেবেন কি না- প্রশ্ন করা হলে ইব্রাহিম বলেন, “এটা আমার একার সিদ্ধান্তের বিষয় নয়। সবাই বসে সিদ্ধান্ত নেবো।” সভায় মহিউদ্দিন চৌধুরীর বক্তব্য উদ্ধৃত করে প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “উনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আসুন সবাই মিলে মিশে কাজ করি। এখন দল গোছানোর সময়।” শফিকুল ইসলাম জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে সদস্য নবায়ন, ১০ জানুয়ারির মধ্যে ইউনিট সম্মেলন, ৩১ জানুয়ারির মধ্যে ৪৩টি ওয়ার্ডে সম্মেলন ও ৩০ এপ্রিলের মধ্যে থানা সম্মেলন শেষ করতে বলেছে কেন্দ্রীয় কমিটি। এরপর ৩১ জুলাইয়ের মধ্যে মহানগরীর সম্মেলন করতে হবে। গত সংসদ নির্বাচনে মহিউদ্দিন-নুরুল ইসলাম বিএসসির বিরোধ প্রকাশ্য হয়। পরে নুরুল ইসলামের পক্ষ নেন নগর কমিটির যুগ্ম সম্পাদক আফসারুল আমীন। এ বিরোধের জের ধরে উভয় পক্ষের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি শোকজ ও অব্যাহতি দেওয়ার ঘটনাও ঘটে। দ্বন্দ্বের কারণে গত সিটি কর্পোরেশন নির্বাচনে তিন বারের মেয়র মহিউদ্দিনকে হারতে হয় বলে মনে করেন তার পক্ষের নেতারা। দুই পক্ষের বিরোধ অবসানে এ বছরের ২৬ ফেব্র“য়ারি চট্টগ্রাম সার্কিট হাউজে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন সভানেত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের তিন জ্যেষ্ঠ নেতাকে বিরোধ নিরসনের দায়িত্ব দিলেও তারা ব্যর্থ হন। সর্বশেষ গত ২৭ জুলাই নগরীর মুসলিম হলে এক মঞ্চে ছিলেন মহিউদ্দিন-আফসার। ওই দিন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের উপস্থিতিতে বিবদমান দুই পক্ষের নেতাদের পাল্টাপাল্টি স্লোগান আর চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আওয়ামী লীগের কর্মী সমাবেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২৩৪০ ঘ.