ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদে এক কাপড় ব্যবসায়ীকে ছুরি মেরে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে এ ঘটনা ঘটে। আহত মো. ইসরাফিল (৪৫) লালমনিরহাট জেলায় কাপড়ের ব্যবসা করেন বলে জানিয়েছে পুুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে লালমনিরহাট থেকে এসে সায়েদাবাদে বাস থেকে নেমে গাড়ি খুঁজছিলো ইসরাফিল। এ সময় ৫/৬ জন ছিনতাইকারী তার ওপর হামলা করে।
“তাকে পিছন থেকে জাপটে ধরে ছুরি মেরে সঙ্গে থাকা চার লাখ টাকা ও দুটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। কয়েকজন পথচারী সকাল সাড়ে ৬টার দিকে ইসরাফিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করান।”
ইসরাফিলের পেটে তিনটি এবং হাতে একটি আঘাতের চিহ্ন রয়েছে বলে এসআই মোজাম্মেল জানান।
এর আগে গত বুধবার রাতে পূর্ব রামপুরায় ছিনাতাইকারীর গুলিতে ওয়াহিদুজ্জামান নামে এক ব্যবসায়ী নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/জেকে/১১০৫ ঘ.
bdnews24