নয়া দিল্লি¬, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে টিপাইমুখ প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছেন শেখ হাসিনার দুই উপদেষ্টা গওহর রিজভী ও মশিউর রহমান।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। টিপাইমুখ প্রকল্প বাস্তবায়িত হলে তার কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে আগেই আলোচনার কথা বলেন তারা।
শেখ হাসিনার দুই দূতের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী টিপাইমুখ প্রকল্প নিয়ে আলোচনার প্রতিশ্র“তি দিয়েছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিষ্ণু প্রকাশ সাংবাদিকদের জানিয়েছেন।
বাংলাদেশের ক্ষতির কারণ হবে- এমন কিছু ভারত করবে না বলে দুই উপদেষ্টাকে আবারও আশ্বস্ত করেছেন মনমোহন সিং।
গত কয়েক বছরে মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠকে এ আশ্বাস দেন।
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর প্রকাশ হওয়ার পর তা নিয়ে বাংলাদেশে নতুন করে উদ্বেগ দেখা দেয়।
এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি জানতে চেয়ে নয়া দিল্লিতে চিঠি পাঠালে ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাঁধ নির্মাণ করে ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না।
ভারতের টিপাইমুখ প্রকল্প নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনেও বদানুবাদ চলে। উদ্যোগহীনতার কথা বলে সরকার ও বিরোধী দল উভয় পক্ষ পরস্পরকে দুষতে থাকে।
টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের দাবি জানিয়ে এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তার জবাবও আসে, তবে তা এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে প্রধানমন্ত্রী গত সপ্তাহে সংসদে বলেন, টিপাইমুখ বাঁধের বিষয়ে দেশের স্বার্থ রক্ষায় সরকার পুরোপুরি সচেতন। আর এপরপরই দিল্লিতে দুই দূত পাঠান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২০৫০ ঘ.
bdnews24