২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমে বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি: মজিনা

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে প্রথমে তিনি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি স্বাক্ষর করতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে প্রথমে তিনি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি স্বাক্ষর করতে চান। বৃহস্পতিবার ঢাকায় তার প্রথম সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, “প্রথমে আমি ওই চুক্তিটি স্বাক্ষর করতে চাই।” “ইতিমধ্যে চুক্তিটির খসড়া ওয়াশিংটনে পাঠিয়েছে বাংলাদেশ। এটি চূড়ান্ত করা দরকার।”, বলেন তিনি। গত সপ্তাহে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করার পর আমেরিকান ক্লাবে প্রথম সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মজিনা। বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম দুই দেশের বিনিয়োগকারীদের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্পর্কিত বিষয় নিষ্পত্তির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ চুক্তিতে শ্রম, পরিবেশ ও বুদ্ধিবৃত্তিক বিষয় সম্পকির্ত ধারায় বাংলাদেশের আপত্তি রয়েছে। এসব নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। মজিনা বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। এ চুক্তির অধীনে বাণিজ্য সম্পর্কিত সব বিষয়ে আলোচনা করা সম্ভব হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচশ’ কোটি ডলারে পৌঁছেছে জানিয়ে যুক্তরাষ্ট্রের এ কূটনীতিক বলেন, উত্তর আমেরিকার দেশগুলোতে বাংলাদেশ প্রায় চারশ’ কোটি ডলার মূল্যমানের পণ্য রপ্তানি করেছে। ওয়াশিংটনে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম দেশ বলেও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, “বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাতে। এছাড়া স্থানীয় বিভিন্ন বিষয়ও এক্ষেত্রে বিবেচনায় রাখতে হয়।” বাংলাদেশের তৈরি পোশাককে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার ক্ষেত্রে সেদেশের ব্যবসায়ীদের আপত্তি রয়েছে। তারা মনে করে, এতে তাদের নিজেদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। কৌশলগত চুক্তি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফর করবেন এবং প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা প্রকাশ করেন ড্যান ডব্লিউ মজিনা। কৌশলগত চুক্তির বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এতে সন্ত্রাসবাদ মোকাবেলা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি বিষয়ক ইস্যুগুলো স্থান পেতে পারে। তবে এগুলোই যে থাকবে সে বিষয়ে আমি নিশ্চয়তা দিতে পারছি না।” তিনি বলেন, “আমার মূল লক্ষ্য পররাষ্ট্রমন্ত্রীর [হিলারি ক্লিনটন] সফর বাস্তবায়ন করা। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাব।” কৌশলগত অংশীদারিত্ব যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মজিনা বলেন, ওয়াশিংটনের দৃষ্টিতে বাংলাদেশ ‘একটি বড় দেশ’ এবং খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্বের সপ্তম সর্বোচ্চ জনবহুল দেশ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে তার আলোচনা হয়েছে উল্লেখ করে মজিনা বলেন, এদেশের মানুষের খাদ্য সংস্থানের জন্য একটি ব্যবস্থা অবশ্যই থাকা দরকার। যুক্তরাষ্ট্র বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত। গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তোলার ব্যাপারে যুক্তরাষ্ট্র সবসময়ই সহায়তা করবে বলে জানান মজিনা। তিনি বলেন, “এটি [গণতন্ত্র] একটি চলমান প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ কোথাও এটি ত্র“টিহীন নয়। এর জন্য কোনো জাদুর কাঠি নেই। আমি মনে করি এটি ধাপে ধাপে এগিয়ে নেওয়ার ব্যাপার।” “আশা করি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দল ভূমিকা রাখবে।”- যোগ করেন রাষ্ট্রদূত। ‘ রক তারকা’ বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে আসার বিষয়টি তার কাছে ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো’ বলে মন্তব্য করেন বাংলাদেশে দ্বিতীয় দফায় কূটনীতিকের দায়িত্ব পালন করতে আসা মজিনা। তিনি বলেন, “তিন বছর ঢাকায় কাজ করে ২০০১ সালে ফিরে যাওয়ার সময় বিমানবন্দরে বিদায় জানাতে আসা বন্ধুদের বলেছিলাম, ‘আমার স্বপ্ন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে ফিরে আসা’।” বাংলাদেশে দ্বিতীয় বারের মতো দায়িত্ব পালন করতে গত ১৯ নভেম্বর ঢাকা আসেন মজিনা। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল মেয়াদে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কনস্যুলার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশে তার রাষ্ট্রদূত হয়ে আসার বিষয়টি যুক্তরাষ্ট্র সিনেটে অনুমোদন হতে চার-পাঁচ মাস দেরি হয় জানিয়ে মজিনা বলেন, “ওই সময় আমি যেখানেই গিয়েছি সবাই বলতো, ‘আহ, তুমি বাংলাদেশ যাচ্ছ!’।” “ব্যাপারটা এমন যেন আমি রক তারকা হয়ে উঠেছি। আমার কিন্তু কিছুই বদলায়নি, শুধু বাংলাদেশের কারণেই এ অবস্থা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/পিডি/১৯৩৫ ঘ.