২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি গ্রামে গড়ে ৬০টি পরিবার অতি দরিদ্র: আশরাফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে ৬০ অতি দরিদ্র পরিবার রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 06:35 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে ৬০ অতি দরিদ্র পরিবার রয়েছে। বুধবার জাতীয় সংসদে অ্যাডভোকেট মো. রহমত আলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ ভাগ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করছে। এর মধ্যে কমবেশি দুই কোটি ৫০ লাখ মানুষ অধিকতর দরিদ্র।” “সেই হিসেবে দেশের ৮৫ হাজার গ্রামের প্রতিটি গ্রামে গড়ে ৬০টির মতো পরিবার অধিকতর দরিদ্রের শ্রেণীভুক্ত।” লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, প্রথম পর্যায়ে ওই ৬০টি পরিবারের দারিদ্র্য হ্রাস করাসহ সার্বিক গ্রাম উন্নয়নের লক্ষ্য নিয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা চিহ্নিত করা হয়েছে। ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকার আমলে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু হলেও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার এসে তা বন্ধ করে দেয়। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমান সরকার গঠনের পর এ প্রকল্প আবার চালু হয়। নাসিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে।” তিনি জানান, বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এ ফ্লাইওভার যানবাহন চলাচলের উপযোগী করা হবে। এছাড়া যানযট নিরসনের জন্য আরো দুইটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আগামী ফেব্র“য়ারিতে তেজগাঁও, রমনা ও খিলগাঁও থানার মগবাজার-মৌচাক এলাকায় ৮২৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সমন্বিত ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হবে। খিলগাঁও ফ্লাইওভারের লুপ নির্মাণ (সায়েদাবাদ প্রান্তে) শীর্ষক অন্য প্রকল্পের দরপত্র আহবান করা হয়েছে বলে জানান মন্ত্রী। সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গুরত্বপূর্ণ সড়কগুলো শহীদ, খেতাব প্রাপ্ত এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের বিষয়ে স্থানীয়ভাবে প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনা করা হবে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকালে অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/পিডি/০০৩২ ঘ.