২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হরতাল শেষে নতুন কর্মসূচি বিএনপির

ভারতের বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালন শেষে নতুন কর্মসূচি দিয়েছে জেলা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 03:39 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

সিলেট, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালন শেষে নতুন কর্মসূচি দিয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সারাদিন সিলেট শহরে রিকশা ছাড়া তেমন কোনো যানবাহন চোখে পড়েনি। অধিকাংশ দোকানপাটও ছিল বন্ধ। দূর পাল্লার কোনো বাস সিলেট থেকে ছেড়ে না গেলেও ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক। সিলেটের পুলিশ সুপার (এসপি) শাখাওয়াত হোসেন জানান, সিলেট নগরীসহ ১২ উপজেলায় শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে জেলায় প্রায় ৬ শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো বলে জানান এসপি। সকালে নগরীর আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজর, বন্দরবাজার পয়েন্ট, শিবগঞ্জ, হুমায়ুন রশিদ চত্বর, টিলাগড়, কদমতলী কোর্ট পয়েন্টসহ বিভিন্ন মোড়ে পিকেটারদের দেখা গেলেও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। তবে ভোর ৬টার দিকে পিকেটাররা শিবগঞ্জ পয়েন্টে একটি অটোরিকশা এবং জিন্দাবাজার এলাকায় একটি টেম্পো ভাংচুর করে বলে কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সকালে হরতাল শুরুর পর ৮টার দিকে বিএনপি নেতাকর্মীরা চৌহাট্টা পয়েন্ট থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর নেতৃত্বে একটি মিছিল বের করে। পরে ৯টার দিকে বন্দর পয়েন্টে সমাবেশ করে তারা। সকাল ১০টায় সিলেট রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস অবরোধ করে রাখে হরতাল সমর্থনকারীরা। পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় তাদের। প্রায় আধাঘণ্টা বিলম্বের পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক সাইয়েদুর রহমান। বিকালে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন মিলন, সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ প্রমুখ। সমাবেশে ইলিয়াস আলী বলেন, “সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও তাবেদারী মনোভাবের কারণে ভারত বাংলাদেশকে কিছু না জানিয়েই টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি সম্পাদন করেছে।” ভারতে বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের প্রতিবাদে গত ২২ নভেম্বর এই হরতাল ডাকে জেলা বিএনপি। সিলেটের দুই প্রধান নদী সুরমা ও কুশিয়ারার উৎপত্তি হয়েছে বরাক নদী থেকেই। পরিবেশবিদরা বলছেন, টিপাইমুখে বাঁধ দিলে বাংলাদেশ, বিশেষ করে সিলেট এলাকায় সরাসরি এর বিরূপ প্রভাব পড়বে। নতুন কর্মসূচি হরতাল শেষে ২ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগে নতুন কর্মসূচি ঘোষণা করেন এম ইলিয়াস আলী। কর্মসূচির মধ্যে রয়েছে- ২-১৫ ডিসেম্বর সিলেট বিভাগের সব উপজেলা, থানা ও ইউনিয়ন সদরে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা। ২০ ডিসেম্বর সিলেট বিভাগের সকল উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ২৬ ডিসেম্বর সকাল ১১টায় বিভাগের চার জেলা সদরসহ উপজেলা ও থানা সদরে মানববন্ধন কর্মসূচি। ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা সদরে প্রতীক অনশন। ২ জানুয়ারি বিভাগের সব জেলা, উপজেলা ও থানা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ৭ জানুয়ারি জকিগঞ্জের অমলসিদ সীমান্ত অঞ্চলে জনসভা ও প্রতিবাদ সমাবেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮১৮ ঘ.