মিরসরাই ট্রাজেডি: রায় ৮ ডিসেম্বর
মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪৫ ছাত্রের মৃত্যুর মামলায় রায় ঘোষণা হবে ৮ ডিসেম্বর।
বুধবার যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রাম জেলা মুখ্য বিচারিক হাকিম ফরিদা ইয়াসমীন রায়ের তারিখ নির্ধারণ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক শুনানিতে অংশ নেন। ট্রাক চালক মফিজ উদ্দিনের পক্ষে কোন আইনজীবী না থাকায় তিনি নিজেই আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় আদালতে অভিযোগপত্রভুক্ত ২৯ জনসহ মোট ৩৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। এর মধ্যে বাকিরা সুরতহাল প্রতিবেদনের সাক্ষী।
অভিযোগপত্রভুক্ত সাক্ষীদের মধ্যে দুর্ঘটনায় বেঁচে যাওয়া স্কুল শিক্ষার্থীরাও ছিলেন।
শুনানিতে আবুল হাশেম ট্রাক চালক মফিজকে দুর্ঘটনার জন্য দায়ী করে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন।
এ বছরের ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কে স্কুল ছাত্র বোঝাই একটি ট্রাক উল্টে ডোবায় পড়ে ৪৪ স্কুল শিক্ষার্থী মারা যায়। সর্বশেষ ২৪ নভেম্বর ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন শীল নামে আরো এক ছাত্রের মৃত্যু হয়।
এ ঘটনায় মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী বাদি হয়ে মফিজকে আসামি করে মিরসরাই থানায় মামলাটি করেন।
মফিজকে অভিযুক্ত করে ২৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ৩০ অক্টোবর মফিজের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
