ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পূর্ব রামপুরায় ছিনতাইকারীর গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত মো. ওয়াহিদুজ্জামান (৩০) ওই এলাকার সাজিদ মেডিকেল কেয়ার নামে একটি ওষুধের দোকানের মালিক। মঙ্গলবার রাত ১টার দিকে রামপুরার কমিশনার গলিতে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়াহিদ দোকান বন্ধ করে হেঁটে বাসায় ফেরার পথে তিন-চারজন ছিনতাইকারী গুলি করে তার সঙ্গে থাকা ১২ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এরপর কয়েকজন পথচারী রাত দেড়টার দিকে ওয়াহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মোজাম্মেল জানান, ওয়াহিদুজ্জামানের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
এদিকে বুধবার ভোরে বুড়িগঙ্গা নদীতে একটি কার্গোতে তিনজনকে কুপিয়ে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এসআই মোজাম্মেল হক জানান, রাকিব (৩৫), খালিদ (৩৫) ও সুজন (৩৮) নামে ওই তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক।
তিনি জানান, কার্গোটি সদরঘাটে মাল খালাস করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/জেকে/১২০২ ঘ.
bdnews24