ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফের সঙ্গে দেখা করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে তিনি জর্মান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন।
বৈঠক শেষে দলের সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী সংবাদ ব্রিফিংয়ে বলেন, “বাংলাদেশে ইতোমধ্যে জার্মান বিনিয়োগ রয়েছে। ভবিষ্যতে আরো বিনিয়োগ বাড়ানোর জন্য জার্মান প্রেসিডেন্টের কাছে বিরোধী দলীয় নেতা আহবান জানিয়েছেন।”
সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফর ক্রিশ্চিয়ার ভুল্ফ ঢাকায় আসেন।
৪০ মিনিট স্থায়ী বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনার কথা জানিয়ে শমসের মবিন চৌধুরী বলেন, “আগামীতে সরকার গঠন করলে বিএনপি কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে- সে বিষয়ে খালেদা জিয়ার মতামতও জানতে চেয়েছেন জামার্ন প্রেসিডেন্ট।”
এ ছাড়া বাংলাদেশের সঙ্গে জার্মানির ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বৈঠকের আলোকচিত্র গণমাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের ধারণ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শমসের মবিন চৌধুরী।
তিনি বলেন, “গণতন্ত্রের জন্য এটা শুভকর নয়। একজন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে বিরোধী দলীয় নেতার কর্মসূচিতে এভাবে সাংবাদিকদের বাধা দিয়ে বিদেশি মেহমানদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করা হয়েছে।”
সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ওসমান ফারুক ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯৪৮ ঘ.
bdnews24