২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসে নতুন কূপের জন্য ত্রিমাত্রিক জরিপ

আবিষ্কৃত গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন পরিকল্পনার অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রে প্রথমবারের মতো ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ শুরু করেছে বাপেক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবিষ্কৃত গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন পরিকল্পনার অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রে প্রথমবারের মতো ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ শুরু করেছে বাপেক্স। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মর্তুজা আহমেদ ফারুক মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাসের পাশাপাশি বাখরাবাদ, হরিপুর, কৈলাশটিলা এবং রশিদপুর গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হচ্ছে বলে জানান তিনি। মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রমবর্ধমান গ্যাস সঙ্কট মোকাবেলায় আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কূপ খনন এলাকা চিহ্নিত করার লক্ষ্যে এই কার্যক্রম চলছে। দেশে বর্তমানে দৈনিক ২৫০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে ২০০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। অর্থাৎ ঘাটতি থাকছে ৫০ কোটি ঘনফুট। পেট্রোবাংলার দুটি প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেডের (বিজিএফসিএল) উদ্যোগে অ্যাপ্রাইজাল অব গ্যাস ফিল্ডস (থ্রিডি সিসমিক সার্ভে) শীর্ষক প্রকল্পের আওতায় বাপেক্স এই জরিপ চালাচ্ছে। বাপেক্স পেট্রোবাংলার একটি সহযোগী প্রতিষ্ঠান। মর্তুজা জানান, প্রকল্পের আওতায় পাঁচটি গ্যাসক্ষেত্রে ৭০৫ বর্গকিলোমিটার এলাকায় বাপেক্স ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৪০ লাখ টাকা। রশিদপুর, হরিপুর এবং কৈলাশটিলার জরিপ কাজ শেষ হয়েছে জানিয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “রোববার থেকে তিতাস গ্যাসক্ষেত্র এলাকায় ৩৩৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্রথমবারের মতো ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ শুরু হয়েছে।” আগামী বছরের এপ্রিলের দিকে বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ২১০ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হবে বলে জানান তিনি। এর আগে গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনে (পেট্রোবাংলা) এক সংবাদ সম্মেলনে জানায়, রশিদপুর গ্যাসক্ষেত্রে কম ঝুঁকিতে উত্তোলনযোগ্য আরো প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুদ নতুন করে সনাক্ত করেছে বাপেক্স। এছাড়া পরীক্ষাগারে হরিপুর, কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের উপাত্ত বিশ্লেষণ চলছে। অ্যাপ্রাইজাল অব গ্যাস ফিল্ডস (থ্রিডি সিসমিক সার্ভে) প্রকল্পের পরিচালক আনোয়ারুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূ-কম্পন জরিপ কাজ উপাত্ত সংগ্রহ (জরিপ, সাইসমিক ড্রিলিং ও রেকডিং), উপাত্ত প্রক্রিয়াকরণ ও উপাত্ত বিশ্লেষণ এ তিনটি ধাপে সম্পন্ন হবে। এর মধ্যে উপাত্ত সংগ্রহের জন্য শর্ট পয়েন্টের স্থান (ডিনামাইট বিস্ফোরণের স্থান) চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং কিছু দিনের মধ্যে জিওফোন বা রিসিভার (বিস্ফোরণের শব্দ সংকেত) স্থাপনের কাজ শুরু হবে। তিতাসের ৩৩৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১৯ হাজার ৯২টি শর্ট পয়েন্ট এবং ২৬ হাজার ৬২০টি জিওফোন স্থাপন করা হবে বলে জানান আনোয়ার। এ কাজটি সর্তকতার সঙ্গে করতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, “কূপ ছাড়াও গ্যাসক্ষেত্রটির প্রায় চার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনেক দিন ধরে গ্যাস উদগিরণ (সিপেজ) হচ্ছে। এক্ষেত্রে পরামর্শক প্রতিষ্ঠান ফ্রান্সের ‘সিজিজি ভেরিতাস’ পরামর্শে চার বর্গকিলোমিটার উদগিরণ এলাকার বাইরে আরো ৩০০ মিটার বাদ রেখে জরিপ চালানো হবে।” এ বিষয়ে বাপেক্সপ্রধান মর্তুজা বলেন, “ডিনামাইট বিস্ফোরণের সময় জরিপস্থানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হবে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে তা মোকাবেলা করা যায়।” জরিপ দলের প্রধান মেহেরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিপিএস পদ্ধতিতে উপাত্ত সংগ্রহের জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে শর্ট পয়েন্টের নির্ধারিত স্থানে বিস্ফোরক স্থাপনের অবকাঠামো তৈরি এবং ২৪ ডিসেম্বর থেকে বিস্ফোরণ ও শব্দসংকেত রেকর্ড করা হবে। আগামী মার্চের মধ্যে জরিপ শেষের আশা প্রকাশ করে তিনি বলেন, এরপর গবেষণাগারে উপাত্ত প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের কাজ চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৮২৫ ঘ.