ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি আদেশ জালিয়াতি করে অবসরের পরও সচিবের বেতন উত্তোলনের ঘটনায় এক সাবেক যুগ্মসচিবকে আটক করেছে পুলিশ।
এ কে এম সালেহ উদ্দিন (৫৮) নামে ওই ব্যক্তি জালিয়াতি করে সচিবসহ দুটি পদে পদোন্নতি দেখিয়ে সরকারি বেতন উত্তোলন করে আসছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (এপিডি) সোহরাব হোসাইন মঙ্গলবার তার কার্যালয়ে ওই সাবেক কর্মকর্তাকে আটক করে পুলিশে খবর দেন।
পরে সচিবালয় পুলিশ তাকে আটকের পর শাহবাগ থানায় সোপর্দ করে।
এ ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব কোষের হিসাবরক্ষণ কর্মকর্তা আফসার আলী বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোহরাব হোসাইন জানান, সচিব পরিচয়ে সালেহ উদ্দিন স¤প্রতি মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কার্যালয়ে বিদেশ ভ্রমণের জন্য শ্রান্তি-বিনোদন ছুটি মঞ্জুরের একটি আবেদন করেন। কিন্তু এ নামে কোনো সচিবের অস্তিত্ব তাদের দপ্তরে না থাকায় তারা বিষয়টি পরীক্ষার জন্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১-এ যোগাযোগ করেন।
মন্ত্রণালয়ের এই শাখা এবং তথ্য ভাণ্ডারের (পিএসিসি) নথি পরীক্ষা করে দেখা যায়, ২০১০ সালের ২৩ জুলাই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি- যুগ্ম-সচিব) হিসেবে তিনি অবসর উত্তর ছুটিতে (পিআরএল) গিয়েছেন। এ হিসাব অনুযায়ী গত ২২ জুলাই তার পিআরএলের মেয়াদও শেষ হয়েছে।
মামলার আরজিতে বলা হয়েছে, অবসরে যাওয়ার পরও ওই কর্মকর্তা ভুয়া কাগজপত্র ও স্বাক্ষর জালিয়াতি করে অতিরিক্ত সচিব এবং সচিব পদে পদোন্নতির ভুয়া আদেশ তৈরি করেন। এ আদেশ সরকারি দপ্তরে জমা করে তিনি ‘কর্মরত’ হিসেবে স্বাভাবিক বেতন ও উৎসব ভাতা উত্তোলন করে আসছেন।
সর্বশেষ দুই মাসের বেতনের বিলও মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে এতে বলা হয়। এ বিল অনুমোদন না করার জন্য ইতোমধ্যে হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরকে জানানো হয়েছে।
তার বিরুদ্ধে প্রায় দুই লাখ ৬৭ হাজার টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।
পুলিশের কাছে সোপর্দ করার সালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত ও দুঃখিত। এর মাধ্যমে প্রশাসনের কর্মকর্তাদের কার্যক্রমকে কলঙ্কিত করেছি। এ প্রক্রিয়ায় উত্তোলিত যাবতীয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে দেব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সালেহ উদ্দিন ১৯৮১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগ দেন। এরপর তিনি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় উপসচিব এবং যুগ্ম-সচিব পদে পদোন্নতি লাভ করেন। যুগ্ম-সচিব পদে পদোন্নতি হয় গত চারদলীয় জোট সরকারের সময়। অবসরের পর তিনি তার পেনশনের অর্থও তুলে নিয়েছেন।
তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থাকার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আল্লামা সুলতান আহমেদ। তিনি বর্তমানে একাই মিরপুর কাজিপাড়ার একটি বাসায় থাকেন। তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে থাকেন ধানমণ্ডি এলাকায়।
বর্তমানে তার স্ত্রীসহ পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানান ওই কর্মকর্তার সাবেক গাড়িচালক নূরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৪৪ ঘ.
bdnews24