সিলেট, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা কর্মসূচি ডাকায় সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানী নগরে আবারো ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধারা জারি থাকবে বলে জানান বালাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম খান।
এর আগে গত শনিবার একই স্থানে একই সময়ে দল দুটি কর্মসূচির ঘোষণা দিলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তখন মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা অম্যান্য করার অভিযোগে ওসমানী নগর থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গয়াছ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি নেতা গয়াছ মিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার বেলা ৩টায় গোয়ালাবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনের নেতা-কর্মীরা। অন্যদিকে সিলেট জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন উপলক্ষে থানা আওয়ামী লীগও একই সময়ে সেখানে আনন্দ মিছিল করার ঘোষণা দেয়।
“এই পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে সব ধরনের সভা সমাবেশ-জমায়েত নিষিদ্ধ করা হয়েছে”, বলেন তিনি।
ওসমানী নগর থানার ওসি আল-আমিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২১ ঘ.
bdnews24