নারায়ণগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে একটি ক্লিনিকের লিফটে মাথা আটকে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১টার দিকে শহরের ডন চেম্বার এলাকার মেডিস্টার জেনারেল হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা রাতে ক্লিনিকে ভাংচুর চালায়।
নিহত সাইদুর রহমান (৩৫) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাসিন্দা। তিনি স্যানিটারি সামগ্রীর ব্যবসা করতেন।
সাইদুরের বোন ও দুর্ঘটনায় আহত সফুরা জানান, রাত ১টার দিকে অন্তঃসত্ত্বা ভাবী মনিকে নিয়ে মেডিস্টার জেনারেল হাসপাতালে যান তারা। তাদের সঙ্গে ছিলেন আরেক বোন ও ভাই। মনিকে ভর্তির জন্য নিবন্ধন করে ওপরে ওয়ার্ডে যাওয়ার জন্য লিফটের কাছে যান তারা।
দুই বোন ও ভাবী লিফটে ওঠার পর সাইদুর ভেতরে পা রাখেন। কিন্তু তিনি পুরোপুরি ঢোকার আগেই দরজা খোলা অবস্থায় লিফটটি প্রচণ্ড গতিতে উপরের দিকে উঠে যায়। এতে তার মাথা আটকা পড়ে থেতলে যায়। এভাবে প্রায় এক ঘণ্টা লিফটের সঙ্গে ঝুলে থাকেন তিনি।
ওসি মঞ্জুর কাদের বলেন, দুর্ঘটনায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইদুরের। পরে ফায়ার ব্রিগেডের কর্মীরা লিফটের যন্ত্রাংশ খুলে তার লাশ উদ্ধার করে।
ঘটনার পর সাইদুরের আত্মীয়-স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
ওসি বলেন, আহতদের ঢাকার শমরিতা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১১২০ ঘ.
bdnews24