ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি বা অন্য কোনো দলের প্রধান হওয়ার চেয়ে একজন সাধারণ কর্মী হয়ে থাকাটাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে অনেক বেশি গৌরবের।
আওয়ামী লীগের নেতারা বিএনপিতে এলে পদ দেওয়া হবে- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সা¤প্রতিক এ বক্তব্যের জবাবে সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত বক্তব্যে ওই কথা বলেন তোফায়েল।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, “দুই টাকার সদস্য ফরম পূরণ করে আওয়ামী লীগের সদস্য হয়ে থাকা খালেদা জিয়ার দলের প্রধান হয়ে থাকার চেয়ে গৌরবের।”
খালেদার বক্তব্যের সমালোচনা করেন তিনি বলেন, “বিএনপির অধিকাংশ নেতা দলছুট হয়ে এসেছে। যার আদর্শ ও নৈতিকতা নেই সেই এমন কথা বলতে পারে।”
রোববার খুলনায় সমাবেশে “আওয়ামী লীগ নেতারা পালানোর পথ পাবেন না” বলে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের সমালোচনা করে তোফায়েল বলেন, “খালেদা জিয়ার বক্তব্যে ধিক্কার জানাই। ”
উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমির হোসেন আমু বলেন, “খালেদা জিয়ার দল অন্তসারশূন্য। এতে প্রমাণ হয়েছে, আওয়ামী লীগের কর্মীরা তার দলের নেতৃত্ব দিতে পারবে।”
প্রধান বিরোধী দল বিএনপি সংসদের এ অধিবেশনেও অনুপস্থিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৩৯ ঘ.