২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

জমি নিয়ে বিরোধের জেরে সাভারের আশুলিয়ায় দু’দলের সংঘর্ষ চলাকালে একজন গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

সাভার, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক)- জমি নিয়ে বিরোধের জেরে সাভারের আশুলিয়ায় দু’দলের সংঘর্ষ চলাকালে একজন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার বিকালে পবনার টেক এলাকার রূপায়ন হাউজিং সোসাইটিতে এ সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ সালাউদ্দিন কায়কোবাদ শিমু (২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয় বলে র‌্যাব ও পুলিশ জানিয়েছে। গুলিবিদ্ধ ইয়ারপুর ইউনিয়ন যুবলীগকর্মী লুৎফর রহমানকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, একদল দুর্বৃত্ত অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে একটি জমি দখল করতে যায়। এ সময় ওই জমির দাবিদার লুৎফর রহমান তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের গুলিতে লুৎফর মারাত্মকভাবে আহত হন। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে একজনকে র‌্যাব সদস্যরা আটক করেছে। র‌্যাব-১ এর সহকারী পরিচালক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধ হয়েছে। বিদেশি পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখনো কেউ থানায় অভিযোগ দিতে আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.