বরিশাল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালে মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষক হত্যা মামলার আরেক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার সকালে যশোরের খাজুরা বাসস্ট্যান্ড থেকে রুপম কৃষ্ণ দে ওরফে রূপাকে (২২) গ্রেপ্তার করা হয় বলে বরিশাল মহানগর পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে।
এর আগে ঘটনার দিন গ্রেপ্তার করা হয় অপর আসামি মিঠুকে।
গত শুক্রবার রাতে বরিশাল নগরীর রূপাতলী চান্দুর মার্কেটের সামনে এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জিন্নাত আলীকে (৫৮) ছুরিকাঘাত করা হয়। ঢাকা নেওয়ার পথে শনিবার বিকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার স্ত্রী কাজী শিরিন আক্তার রোববার কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলার দুই আসামি হলেন রূপা ও মিঠু।
উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার জিল্লুর রহমান বলেন, রূপা শিক্ষক মুক্তিযোদ্ধা জিন্নাত আলীকে হত্যার কথা স্বীকার করেছে।
সাংবাদিকদের সামনে রূপা বলে, বিভিন্ন সময়ে সে রাস্তাঘাটে জিন্নত আলীর মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এতে জিন্নত আলী থানায় একটি জিডি করেন।
জিডি করার পর পুলিশ কয়েকবার রূপার বাড়িতে অভিযান চালায়।
কয়েকদিন আগে জিডি প্রত্যাহারের অনুরোধ করলে জিন্নত আলী তাকে (রূপা) বাসায় যেতে বলেন। ওই সময় তিনি পুলিশকে ফোন করতে চাইলে রূপা ছুরিকাঘাত করে।
এদিকে শিক্ষক হত্যার প্রতিবাদে বেলা ১১টায় নগরীর রূপাতলী সড়কে এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং সাড়ে ১১টায় জিলা স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন করেছেন।
এছাড়াও জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্ট নিজ কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24